রাতে আট গাড়িতে আগুন, দুইজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১, ২ ও ১০ এবং বিজয়নগর, মগবাজার, মালিবাগ ও নিউমার্কেটের সামনে আজ শনিবার রাতে আটটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মগবাজারের ঘটনায় দুজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর মধ্যে পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থক বিএনপি কর্মীরা। বাকি গাড়ীগুলো গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ, সিগারেটের আগুন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে গেছে। মগবাজার: রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, আজ রাত ৯টায় মগাবাজারে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। এতে ধোলাইখালের পুরাতন মোটর পার্টস ব্যবসায়ী ও গাড়ি মেরামতকারী ফারুক হোসেন (৩২) ও সুমন (২৬) অগ্নিদগ্ধ হন। তবে বার্ন ইউনিটে চিকিত্সাধীন সুমন দাবি করেছেন, কয়েক যুবক তাদের প্রাইভেট কারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার ও ফারুকের ধোলাইখালে পুরান মোটর পার্টসের দোকান ও গাড়ি মেরামতের প্রতিষ্ঠান আছে। কিছুদিন আগে এক গ্রাহক তাদের গ্যারেজে গাড়িটি মেরামত করতে দিয়েছিলেন। কিছু অংশ মেরামতের জন্য তারা গাড়িটি মিরপুরের এক গ্যারেজে দেন। রাতে সেখান থেকে সিএনজি চালিত ওই প্রাইভেট কারটি নিয়ে তারা ধোলাইখাল যাচ্ছিলেন। মগবাজার রেললাইন পার হয়ে তালতলা গলির মুখে তারা চা খেতে থামেন। গাড়ির দরজা খুলে বের হওয়ার মুহূর্তে কয়েক যুবক একটি কনটেইনার থেকে তাদের গাড়িতে পেট্রল ঢেলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে কারের ওপর ছুড়ে মারে। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং তাদের শরীরে ধরে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে পাঠায়। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিত্সকেরা জানান, ফারুকের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা সঙ্কটজনক। সুমনের শরীর সামান্য পুড়েছে। বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, ফারুক যন্ত্রণায় কাতরাচ্ছেন। খবর পেয়ে আসা স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। ফারুক পুরান ঢাকার ১৩৩/১ ডিষ্ট্রিলারি রোডে থাকেন। তার বাবার নাম মকবুল হোসেন। সুমনের বাসা একই এলাকায়। ফায়ার সার্ভিস আগুন নেভানো আগে প্রাইভেট কারটি পুড়ে যায়। রমনা থানার ওসি দাবি করেন, কারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ঠিক নয়। মিরপুর, নিউমার্কেট: পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে হরতাল সমর্থকেরা মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে দিশারী পরিবহণের একটি বাসে, মিরপুর ২ নম্বর জার্মান টেকনিক্যালের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়। এর আগেই যাত্রীরা নেমে প্রাণরক্ষা করেন। মিরপুর-১০ নম্বরে পড়ে থাকা জ্বলন্ত সিগারেটের অংশ বিশেষ থেকে একটি বাস, মিরপুর ১০ নম্বরের সি ব্লকে হিউম্যান হলার দুরন্ত পরিবহণে যান্ত্রিক ক্রটি থেকে আগুন লেগেছে বলে দাবি করেছে পুলিশ। দুটি পরিবহনেই যাত্রী ছিল। তবে যাত্রীদের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। নিউ মার্কেট ওভারব্রীজের নিচে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকল এসে আগুন নেভাতে নেভাতে গাড়ির অর্ধেক কাঠামো পুড়ে যায়। বিজয়নগর, মালিবাগ: বিজয়নগরে একজন চিকিত্সকের ব্যক্তিগত গাড়িতে এবং মালিবাগ একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিজয়নগরে চিকিত্সক তোফায়েল আহমদের গাড়ির আগুন দেওয়ার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। চিকিত্সকের গাড়ি চালক বাদি হয়ে পল্টন থানায় মামলা করেছেন। বিজয়নগরে গাড়িতে আগুন দেওয়ার পর পুলিশ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে। তবে বিএনপি নেতারা দাবি করেছেন পুলিশ কার্যালয়ের ভেতর থেকে নেতাকর্মীদের বের করে দিয়েছেন। পল্টন থানা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বিএনপি কার্যালয়ে কোনো তল্লাশি বা সেখান থেকে কাউকে বের করে দেওয়া হয়নি।