রাতে আট গাড়িতে আগুন, দুজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১, ২ ও ১০ এবং বিজয়নগর, মগবাজার, মালিবাগ ও নিউমার্কেটের সামনে গতকাল শুক্রবার রাতে আটটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মগবাজারের ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর মধ্যে পাঁচটি গাড়িতে আগুন দিয়েছেন হরতাল-সমর্থক বিএনপির কর্মীরা। বাকি গাড়িগুলো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সিগারেটের আগুন এবং ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে গেছে।মগবাজার: রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত নয়টায় মগবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। এতে ধোলাইখালের পুরাতন মোটর পার্টস ব্যবসায়ী ও গাড়ি মেরামতকারী ফারুক হোসেন (৩২) ও সুমন (২৬) অগ্নিদগ্ধ হন।তবে বার্ন ইউনিটে চিকিৎসাধীন সুমন দাবি করেছেন, কয়েক যুবক তাঁদের প্রাইভেট কারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাঁর ও ফারুকের ধোলাইখালে পুরান মোটর পার্টসের দোকান ও গাড়ি মেরামতের প্রতিষ্ঠান আছে। কিছুদিন আগে এক গ্রাহক তাঁদের গ্যারেজে গাড়িটি মেরামত করতে দিয়েছিলেন। কিছু অংশ মেরামতের জন্য তাঁরা গাড়িটি মিরপুরের এক গ্যারেজে দেন। গত রাতে সেখান থেকে সিএনজিচালিত ওই প্রাইভেট কারটি নিয়ে তাঁরা ধোলাইখালে যাচ্ছিলেন। মগবাজার রেললাইন পার হয়ে তালতলা গলির মুখে তাঁরা চা খেতে থামেন। গাড়ির দরজা খুলে বের হওয়ার মুহূর্তে কয়েক যুবক একটি কনটেইনার থেকে তাঁদের গাড়িতে পেট্রল ঢেলে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে কারের ওপর ছুড়ে মারে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং তাঁদের শরীরে আগুন লেগে যায়। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ফারুকের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটজনক। সুমনের শরীর সামান্য পুড়েছে।বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, ফারুক যন্ত্রণায় কাতরাচ্ছেন। খবর পেয়ে আসা স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ফারুক পুরান ঢাকার ১৩৩/১ ডিস্টিলারি রোডে থাকেন। তাঁর বাবার নাম মকবুল হোসেন। সুমনের বাসাও একই এলাকায়।ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগে প্রাইভেট কারটি পুড়ে যায়। রমনা থানার ওসি দাবি করেন, কারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ঠিক নয়।মিরপুর, নিউমার্কেট: পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে হরতাল-সমর্থকেরা মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে দিশারী পরিবহনের একটি বাসে, মিরপুর ২ নম্বর জার্মান টেকনিক্যালের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়। এর আগেই যাত্রীরা নেমে প্রাণ রক্ষা করেন।মিরপুর-১০ নম্বরে পড়ে থাকা জ্বলন্ত সিগারেটের অংশবিশেষ থেকে একটি বাস, মিরপুর ১০ নম্বরের সি ব্লকে হিউম্যান হলার দুরন্ত পরিবহনে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে বলে দাবি করেছে পুলিশ। দুটি পরিবহনেই যাত্রী ছিল। তবে যাত্রীদের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি।নিউমার্কেট ওভারব্রিজের নিচে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকল এসে আগুন নেভাতে নেভাতে গাড়ির অর্ধেক পুড়ে যায়।বিজয়নগর, মালিবাগ: বিজয়নগরে একজন চিকিৎসকের ব্যক্তিগত গাড়িতে এবং মালিবাগে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। বিজয়নগরে চিকিৎসক তোফায়েল আহমদের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। চিকিৎসকের গাড়িচালক বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছেন।বিজয়নগরে গাড়িতে আগুন দেওয়ার পর পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে। তবে বিএনপির নেতারা দাবি করেছেন, পুলিশ কার্যালয়ের ভেতর থেকে নেতা-কর্মীদের বের করে দিয়েছে।পল্টন থানার পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বিএনপির কার্যালয়ে কোনো তল্লাশি বা সেখান থেকে কাউকে বের করে দেওয়া হয়নি।