রাতে চিকিত্সক থাকেন না ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে
পিরোজপুর পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে ৪১টি। এ কেন্দ্রগুলোর ৩৮টির মধ্যে ৩৭টিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) রয়েছেন। এ ছাড়া পিরোজপুর সদরের সিকদার মল্লিক, জিয়ানগরে বালিপাড়া ও ভান্ডারিয়ার দারুল হুদায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (স্যাকমো) পদই সৃষ্টি করা হয়নি। অপরদিকে প্রতিটি কেন্দ্রে একজন করে পরিবারকল্যাণ পরিদর্শক, নিরাপত্তা প্রহরী ও আয়া থাকার কথা থাকলেও জেলার বিভিন্ন উপজেলার পরিবারকল্যাণ কেন্দ্রে তার সংকট রয়েছে। জেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টেনো এনায়েত হোসেন বলেন, পরিবারকল্যাণ পরিদর্শক ৬৫ জনের মধ্যে ৪৭ জন কর্মরত আছেন। নিরাপত্তা প্রহরী ৩৮ জনের মধ্যে ২৮ জন আছেন। আয়া ৫৪ জনের মধ্যে ৪৪ জন কর্মরত আছেন। পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ) ২৭২ জনের মধ্যে কর্মরত আছেন ২৩৭ জন। পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ৫২ জনের মধ্যে ৩৩ জন আছেন। এমএলএসএস আছেন ১৪ জনের মধ্যে সাতজন। সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, ‘চুঙ্গাপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে রাতে কেউ থাকে না। বিষয়টি একাধিকবার উপজেলা পরিষদের সভায় উত্থাপন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি।’ শংকরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম জানান, শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে রাতে কোনো লোক থাকে না, এ কারণে রাতে কোনো নারী অসুস্থ হয়ে পড়লে তাকে কষ্ট করে পিরোজপুর নিয়ে আসতে হয়। সরকার এ স্বাস্থ্যকেন্দ্রগুলো গ্রামের মানুষের হাতের কাছে করেছিল উপকার পাবে বলে, কিন্তু সেটা তেমন হচ্ছে না।