রাতে জনচলাচল বন্ধের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের ভেতরে রাতে জনসাধারণের চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত এলাকার স্থানীয় প্রশাসন মাইকিং বা অন্যান্য একাধিক পন্থা অবলম্বন করে বিষয়টি জনসাধারণকে জানিয়ে দেবে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালই এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিডিআর, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সূত্র জানায়, বৈঠকে ইতিপূর্বে বিডিআর ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভারতের নয়াদিল্লিতে উভয়পক্ষের ওই বৈঠকে সীমান্তে গোলাগুলির ঘটনা বন্ধ করতে সীমান্তে রাতে জনচলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ভারত তার সীমান্তের ১৫০ গজের মধ্যে রাতে জনচলাচল নিষিদ্ধ করলেও বাংলাদেশের পক্ষ থেকে তা কার্যকর করা হয়নি।স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ভূমি নিয়ে যে বিরোধ রয়েছে তা মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে নিষ্পত্তির জন্য পররাষ্ট্র ও ভূমি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তের সাড়ে ছয় কিলোমিটার জমি এখনো চিহ্নিত করা হয়নি। এ ছাড়া অপদখলকৃত জমি ও ছিটমহল হস্তান্তরের বিষয়টিও ঝুলে আছে। এগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়।স্বরাষ্ট্রসচিব প্রথম আলোকে জানান, রাতের বেলায় লোকজন চলাচল করলে বিএসএফ অনেক সময় তাদের কালোবাজারি বা সন্ত্রাসী মনে করে গুলি চালায়। এতে নিরীহ মানুষও মারা যাওয়ার আশঙ্কা থাকে। এ কারণে প্রতিরক্ষামূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, উভয় দেশের সরকার সীমান্তে গুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এখন সেটি কার্যকর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সিদ্ধান্ত ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।সূত্র জানায়, বৈঠকে ভারতের সীমান্তের ১৫০ গজের ভেতর যেসব কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে সে বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনার জন্য যৌথ সীমান্ত কার্যদলের বৈঠক অনুষ্ঠানের তাগিদ দেওয়া হয়েছে। শিগগির এ বৈঠক হবে।