রাতে দুই বাসে আগুন
রাজধানীর মিরপুর ও কদমতলীতে আজ বুধবার রাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত নয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পূর্বপাশে প্রধান সড়কে একদল উচ্ছৃঙ্খল যুবক ইটিএল পরিবহণের একটি বাসের পেছনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এর আগেই যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বাসে আগুন দেওয়ার পর দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। বাসটি মিরপুর ১৪ নম্বরে যাওয়ার পথে এটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় একই সময় কদমতলী থানার ধনেশ্বর এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। আগুন ছড়িয়ে পড়ার আগে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। তারা অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। বাসটি আংশিক ভস্মীভূত হয়েছে।