রাতে বাস খাদে, পাঁচ যাত্রী নিহত
রংপুর সদর উপজেলার নজিরের হাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস গত মঙ্গলবার দিবাগত রাতে রাস্তার পাশের খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।নিহত যাত্রীরা হলেন রংপুর শহরের বাবুপাড়ার আমজাদ আলী (৫৫), সদর উপজেলার দর্শনা এলাকার রেজাউল ইসলাম (৪৫), বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর কচুবাড়ি গ্রামের কফিল উদ্দিন (৭৫), মধুপুর কচুয়াপাড়া গ্রামের সাদেক আলী (৭৬) ও বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা গ্রামের সিরাজুল ইসলাম ওরফে বুলু মিস্ত্রি (৭০)।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নজিরের হাটের নৈশপ্রহরী ওমর ফারুক (৩০) প্রথম আলোকে বলেন, ‘দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অন্তত ২০-২৫ ফুট খাদের পানিতে উল্টে যায়। আমি তখন পাশেই ছিলাম। এরপর হাটের অন্যান্য নৈশপ্রহরীসহ আশপাশের লোকজনকে ডেকে তাৎক্ষণিকভাবে বাসের গ্লাস ভেঙে নিহত ও আহতদের উদ্ধার করি।’ অপর নৈশপ্রহরী সাহেদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাস্থলেই বাসের চার যাত্রী মারা যান। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও এক যাত্রী।’আহত ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বাসের যাত্রী বদরগঞ্জের আমরুলবাড়ী তুফানুপাড়া গ্রামের আবদুল হামিদ বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে অনুষ্ঠিত তাবলিগ জামাতের জোড় সম্মেলন শেষে ৭০ থেকে ৭৫ জন তাবলিগ করা লোক নিয়ে বাসটি বদরগঞ্জে যাচ্ছিল। গভীর রাতে বাসে অনেকেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাস খাদে উল্টে যায়।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আরেক যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘রাতে ঘন কুয়াশা ছিল। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। এর বেশি কিছু বলতে পারি না।’গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি খাদের পানিতেই উল্টে ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বাসের নিচে আরও লাশ চাপা পড়ে থাকতে পারে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়। বাসচালক ও তাঁর সহযোগী পলাতক।