ক্ষমতা ছাড়েননি মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোবারক বলেন, তিনি আগামী সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে এ কথা বলেন মোবারক। তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির।মোবারক বলেন, ‘যেকোনো রাজনৈতিক ব্যবস্থা ভুল করতে পারে, তবে ভুল স্বীকার করে নেওয়াটা সবচেয়ে কার্যকর বিষয়। আমার দেশের যুব সম্প্রদায়ের বক্তব্য শুনতে আমার আপত্তি নেই। কিন্তু সবচেয়ে বিব্রতকর হলো বাইরের দেশ থেকে চাপিয়ে দেওয়া কোনো নির্দেশ মেনে নেওয়া।’ তিনি বলেন, ‘আমার আগামী নির্বাচনে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই। আগামী সেপ্টেম্বরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমি। দেশকে এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য আমরা একটি জাতীয় পর্যায়ের আলোচনা শুরু করেছি এবং তা অব্যাহত থাকব।’ মোবারকের এই ভাষণের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভকারীরা চিৎকার করে ওঠে, মোবারক সরে দাঁড়াও। তারা ব্যাপক হতাশা ও ক্ষোভ প্রকাশ করে। বিক্ষিপ্ত সংঘর্ষও হয়। অবশ্য গতকাল সকাল থেকে গুজব ছড়িয়ে পড়ে টানা ১৭ দিনের নাটকীয় পরিস্থিতির যবনিকা টেনে ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন মোবারক। গতকাল সকালের দিকেও মিসরীয় কর্মকর্তাদের পক্ষ থেকে এ কথা বলা হয়।এদিকে গতকাল সকালের দিকে সেনাবাহিনীও ঘোষণা করে, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিতে যাচ্ছে তারা। জাতির প্রত্যাশা পূরণে কাজ করবে সেনাবাহিনী। গতকাল মিসর পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘মিসরে ইতিহাস উন্মোচিত হচ্ছে।’ যুক্তরাষ্ট্রের মিশিগানে এ কথা বলেন তিনি।মিসরের স্থানীয় সময় দুপুরের দিকে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, প্রেসিডেন্ট মোবারক পদত্যাগ করছেন কি না? এর জবাবে এক মিসরীয় কর্মকর্তা বলেন, ‘খুব সম্ভবত তিনি পদত্যাগ করছেন।’ সংবাদমাধ্যম বিবিসিও মোবারকের রাজনৈতিক দলের প্রধান হোসাম বাদরাবিকে উদ্ধৃত করে জানায়, প্রেসিডেন্ট ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন।মোবারকের পদত্যাগের সম্ভাবনার কথা জানার পরপর কায়রোর তাহরির স্কয়ারে সমবেত হাজার হাজার বিক্ষোভকারী উল্লাস প্রকাশ করে। জনগণ স্লোগান দেয়, ‘জনগণ চেয়েছে স্বৈরশাসক নিপাত যাক, স্বৈরশাসকের পতন হয়েছে।’ অন্যরা চিৎকার করে বলতে থাকে, ‘সাধারণ নাগরিক, সাধারণ নাগরিক। আমরা সামরিক শাসন চাই না।’ সকালের দিকে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, মোবারক ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানের সঙ্গে বৈঠক করছেন।সামরিক বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল হাসান রোয়েনি তাহরির স্কয়ারে সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা যা চান তা বিবেচনায় নেওয়া হবে।’ তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ধরনের বক্তব্যের প্রতিক্রিয়ায় মিসরে সরকারবিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা এসাম আল-এরিয়ান বলেন, ‘মনে হচ্ছে একটি সেনা-অভ্যুত্থান ঘটতে যাচ্ছে। আমি উৎকণ্ঠা ও উদ্বেগ অনুভব করছি। সমস্যা প্রেসিডেন্টকে নিয়ে নয়। সমস্যা হচ্ছে শাসকগোষ্ঠীকে নিয়ে।’ওয়াশিংটনে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান লিও পানেট্টা বলেন, ‘খুব বড় ধরনের সম্ভাবনা রয়েছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন মোবারক। মিসরে সুশৃঙ্খলভাবে ক্ষমতার পালাবদলের জন্য এই পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ।’হোসনি মোবারকের তিন দশকের শাসন অবসানের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে মিসরে বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনী ও মোবারকের সমর্থকদের সঙ্গে সহিংসতায় সেখানে এ পর্যন্ত কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষমতায় টিকে থাকার মোবারকের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণের দাবির মুখে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন এই একনায়ক।এর আগে মোবারককে পদত্যাগে বাধ্য করতে আজ শুক্রবার আবারও বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিক্ষোভকারীরা। তাহরির স্কয়ারে আরও বেশি মানুষের সমাবেশ ঘটানোর ঘোষণা দেয়। ওই সমাবেশ কর্মসূচির ব্যাপারে বিক্ষোভকারীদের একজন মোহাম্মদ আনিস বলেন, ‘শুক্রবারের কর্মসূচি নিয়ে সেনাবাহিনী উদ্বিগ্ন। তাদের ভয়, মোবারক পদত্যাগ করলে সাধারণ মানুষ সরকারি ভবনগুলোর দখল নিয়ে নেবে এবং সেনাবাহিনী গুলি ছুড়তে পারবে না।’