রাতেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপি
বিএনপির সাবেক সাংসদ ও দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে আজ সোমবার সন্ধ্যার মধ্যে পাওয়া না গেলে রাতেই বৈঠক করে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজ সকাল সাড়ে আটটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির প্রথম আলো অনলাইনকে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক ডেকেছেন। ওই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি জানানো হবে।প্রসঙ্গত, ১৭ এপ্রিল রাত থেকে সিলেট বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ইলিয়াস আলী নিখোঁজ। তাঁকে বহনকারী গাড়িটি ওই দিন মধ্যরাতে বনানীর রাস্তায় দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে ও তাঁর উদ্ধারের দাবিতে ১৭ এপ্রিল রাতে দলীয় বৈঠকে গতকাল ২২ এপ্রিল হরতাল পালনের সিদ্ধান্ত হয়। কিন্তু গতকাল পর্যন্ত তাঁকে উদ্ধার কিংবা তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় হরতাল-পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে আজ সোমবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।