রাতের ঢাকা যেন যুদ্ধক্ষেত্র
মতিঝিল-পল্টন এলাকায় রাতের চেহারা ছিল ভিন্ন। ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন তো ছিলই। তবে মাঝেমধ্যেই পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুরো এলাকায় ছিল থমথমে অবস্থা। আমাদের প্রতিবেদকেরা ছিলেন সেখানে। তাঁদের সরেজমিন প্রতিবেদন:মতিঝিল থেকে প্রেসক্লাব: ঘুটঘুটে অন্ধকার। হাঁটতে গেলেই পায়ের নিচে পড়ছে ভাঙা কাচ, ইটের টুকরা। ফুটপাতের ব্যবসায়ীদের ভস্মীভূত মালামাল থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন নেভাতে পানি নিয়ে ছোটাছুটি করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল রোববার রাত ১১টার দিকে মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত রাস্তার দৃশ্যটি ছিল এমন। মতিঝিলের সিটি সেন্টারের সামনে সড়ক বিভাজকের কংক্রিটের চাঁই ফেলে অবরোধ তৈরি করছিলেন হেফাজতের কর্মীরা। লাঠিসোঁটা হাতে নিয়ে কিছু দূরে থাকা পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রস্তুতি এটা। আর মাঝে থেমে থেমে চলছিল ইটপাটকেল নিক্ষেপ। মনে হচ্ছিল পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্র।মতিঝিল থানার সামনের রাস্তায় প্রচুর ইটপাটকেল পড়ে আছে। এসব ছুড়ে থানা আক্রমণ করেছিলেন হেফাজতের কর্মীরা। দৈনিক বাংলার মোড় পার হওয়ার পর রাস্তার দুই পাশজুড়ে শুধুই ধ্বংসের চিহ্ন। বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনে ভস্মীভূত একটি বাস থেকে ধোঁয়া বের হচ্ছিল। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়েছেন। পড়ে ছিল পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানের কঙ্কাল।কাকরাইল থেকে বিজয়নগর মোড়: ঘড়ির কাঁটা আটটার ঘর ছাড়িয়ে গেছে। কাকরাইল থেকে নয়াপল্টন আর বিজয়নগর থেকে পল্টন মোড় পর্যন্ত এলাকা ছিল হেফাজতে ইসলাম ও বিএনপি-জামায়াতের কর্মীদের দখলে। পুরো এলাকায় খণ্ড খণ্ড মিছিল চলছিল। আবার ছোট ছোট জমায়েতে কেউ দিচ্ছিলেন বক্তৃতা।সাড়ে আটটার দিকে একটি অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে পাল্টে যায় পুরো এলাকার দৃশ্যপট। এ সময় রাজমণি সিনেমা হলের সামনের সড়ক থেকে একটি অ্যাম্বুলেন্স নয়াপল্টনের দিকে এগোতে থাকে। অ্যাম্বুলেন্সের আরোহী ছিল পুলিশ। তারা অবরোধকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে মারে। ওই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা পুলিশের শ খানেক সদস্যও অবরোধকারীদের ওপর বিরামহীনভাবে রাবার বুলেট ছুড়ে এগোতে থাকেন। তাঁদের পেছনে থাকেন লাঠি, রড ও বাঁশ হাতে আওয়ামী লীগের কর্মীরা। পুলিশ আর আওয়ামী লীগের কর্মীদের যুগপৎ হামলায় তাৎক্ষণিকভাবে পিছু হটেন অবরোধকারীরা। এরপর এক ঘণ্টার বেশি দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। কিছুক্ষণ পর অতিরিক্ত এক প্লাটুন পুলিশ এসে কাকরাইল মোড় থেকে অবরোধকারীদের পুরোপুরি হটিয়ে দেয়।তবে থেমে থেমে বিভিন্ন অলিগলি থেকে অবরোধকারীরা ইটপাটকেল ছুড়ে ওই এলাকা দখলের চেষ্টা চালান। আর পুলিশ টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের হটিয়ে দেয়। সাড়ে নয়টার দিকে কাকরাইল-নয়াপল্টন এলাকার একাংশ আবার দখলে নেন অবরোধকারীরা, যাঁদের মধ্যে বিএনপির কর্মীর সংখ্যাই ছিল বেশি।বিএনপির কার্যালয়ের সামনে থেকে অবরোধকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে এগোতে থাকলে পিছু হটে পুলিশ। তবে পুলিশ একপর্যায়ে বিজয়নগর মোড় এলাকা দখলে নিলে তাদের ওপর মুহুর্মুহু ককটেল ছোড়েন অবরোধকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১১টা) দুই পক্ষের মধ্যেই থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। পুরো সময় এলাকাজুড়ে ছিল অন্ধকার। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল ভবন আর যানবাহনের কাচ, ল্যাম্পপোস্টের ভাঙা বাতি, ইটপাটকেল। সব মিলিয়ে পুরো এলাকায় ছিল ভুতুড়ে পরিবেশ।পুরানা পল্টন: রাত তখন ১১টা। পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড়ের দুই ধারের ফুটপাতের বইয়ের সহ বিভিন্ন দোকানে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন। তবে পোড়া গন্ধে চোখ জ্বালাপোড়া আর ধোঁয়ায় দম আটকে আসছিল। পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত এলাকায় বিদ্যুৎ নেই। গণমাধ্যমের কিছু কর্মী ও পুলিশের ২০-২৫ জনের মতো সদস্য হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছেন। মনে হচ্ছে, পুলিশের সদস্যরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছেন। রাস্তায় কোনো যানবাহন নেই। থমথমে অবস্থা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আধা ঘণ্টা আগেও এখানে তিন শতাধিক পুলিশ ছিল। পুলিশের একজন কর্মকর্তা জানান, গতকাল ভোররাত থেকে যাঁরা দায়িত্ব পালন করে আসছিলেন, তাঁদের পালাবদলের কারণে অবস্থানরত পুলিশের সংখ্যা কমে এসেছে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে পল্টন মোড়ের আশপাশের গলিতে অবস্থান নেন হেফাজতের কর্মীরা। তাঁরা সংঘবদ্ধ হয়ে রাস্তায় অবস্থান নেওয়া পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পুলিশও তাঁদের ওপর শটগানের গুলি ছোড়ে। পুলিশের একজন কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে এভাবেই গুলি চালাতে হবে।