রাতের বাদক শজারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশুতি রাত। হালকা মেঘের টুকরোগুলো অলস ভঙ্গিতে ভেসে যাচ্ছে দিগন্তের পথে। তাতে মাঝেমধ্যে ঢাকা পড়ছে কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদ। গাছপালার ফাঁকফোকর দিয়ে নেমে আসা আলোর টুকরো মাটিতে খোপ খোপ নকশা এঁকেছে। আলো-আঁধারির মনোরম দ্বন্দ্ব চলছে আকাশে-মাটিতে। ঘুমের অতলে ডুবে আছে সারা গ্রাম। এমন সময় বাগান থেকে ভেসে এল ঝুমঝুম-ঝুমঝুম শব্দ। নিশিথিনী কেউ বেরিয়েছে কি অভিসারে, তারই নূপুরের শব্দ? সেই শব্দে তন্দ্রা ছুটে গেলেও ভয়ে গা ছমছম করবে না গাঁয়ের বয়স্ক কারও। তাঁরা ঠিকই বুঝে ফেলবেন, শজারুর দল বেরিয়েছে তাদের মাটির তলার বাড়ি থেকে। হাঁটার তালে তালে তাদের সারা গায়ে ভর্তি লম্বা কাঁটাগুলো পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লাগছে, শব্দ হচ্ছে ঝুমঝুম। টুটে যাওয়া তন্দ্রা আবার জোড়া দিতে কাত ফিরে শোবেন অভ্যস্তরা।মাত্র ৩০-৪০ বছর আগেও সারা দেশে গ্রামাঞ্চলে শজারুদের এই নৈশভ্রমণ ছিল স্বাভাবিক ঘটনা। সারা দেশেই গ্রামীণ জঙ্গল-ঝোপঝাড়গুলোতে শজারু নামের এই নিশাচর স্তন্যপায়ী প্রাণী ছিল প্রচুর পরিমাণে। অথচ এখন শজারু দেখতে হলে যেতে হয় চিড়িয়াখানায়। মুক্ত বনে তার দেখা মেলা ভার। শজারু এখন দেশের অতি বিপন্ন প্রাণী। রাত আর মন্দ্রিত হয় না তার চলার ঝুমঝুম শব্দে।সারা গায়ে সাদা-কালো ডোরাকাটা লম্বা কাঁটা ভরা থাকলেও শজারু কিন্তু অতিশয় নিরীহ প্রাণী। কাঁটাগুলোই তার বর্ম, আত্মরক্ষার অস্ত্র। কেউ তাকে আক্রমণ করলে বা কোনো কারণে উত্তেজিত হলে কাঁটাগুলো ফুলিয়ে শত্রুর দিকে পেছন ফিরে থাকে। ঘাড়ের শেষাংশ থেকেই কাঁটার শুরু। ছোট থেকে বড় আকারে সাজানো থাকে কাঁটা। পিঠ ও লেজের দিকের কাঁটাগুলো সবচেয়ে বড়। কাঁটাগুলো বিষাক্ত, ডগা তীক্ষ, পাশ দিয়ে হালকা খাঁজকাটা, লম্বায় ৯ থেকে ২৫ সেন্টিমিটার। কুরুকুলপতি ভীষ্মদেবের শরীর অর্জুনের বাণে এমন করে ভরে উঠেছিল—কাশীদাসী মহাভারতে তার বর্ণনা আছে ‘বাণে অঙ্গ হৈল যেন শজারু সমান’। শজারুর পুরোনো কাঁটাগুলো খসে গিয়ে নতুন করে গজায়। এককালে গ্রাম্যবালারা খোঁপায় এই কাঁটা গুঁজতেন। শজারু নাক থেকে লেজ অবধি লম্বায় ৬০ থেকে ৯৫ সেন্টিমিটার। উচ্চতা দেড় থেকে দুই ফুট। পূর্ণবয়স্ক শজারুর ওজন চার থেকে ছয় কেজি। পুরুষ শজারু আকারে বড়। ইংরেজি নাম ইন্ডিয়ান পরকুপাইন, বৈজ্ঞানিক নাম Hystৎix indica।শজারু তৃণভোজী। পাখি ও বন্য প্রাণী বিশেষজ্ঞ শরিফ খান জানান, কচু, ওল, বাঁশের কোড়ল, মুলা, লাউ-কুমড়া, গাছ থেকে মাটিতে পড়া বিভিন্ন ফল তাদের প্রধান খাদ্য। অনেক সময় মরা পশুর হাড়গোড় দিয়েও উদরপূর্তি করে। সামনের দুই পায়ে বাঁকানো শক্ত নখর। এই পা দিয়েই তারা গর্ত করে। একটু উঁচু জায়গায় লম্বা টানেলের মতো গর্ত করে বাসা করে। শজারুর গর্তের দুটি মুখ থাকে। বছরে দুবার চার থেকে ছয়টি পর্যন্ত বাচ্চা হয়। বসবাসের জন্য গর্ত করা ছাড়াও খাদ্য খোঁজার সময় অনবরত মাটি খুঁড়তে থাকায় তাদের অনেক সময় ‘প্রাকৃতিক লাঙল’ও বলা হয়। ‘রেড প্রকুপাইন’ নামে আরেকটি প্রজাতি আছে, সেটি আমাদের এখানে দেখা যায় না। ভারতে অতি অল্পসংখ্যক আছে এগুলো।শজারু অতি বিপন্ন হয়ে পড়েছে দুটো কারণে। শরীফ খান জানালেন, এর মাংস খুব সুস্বাদু। মাংসের জন্য সাঁওতালসহ বিভিন্ন আদিবাসীর মধ্যে শজারু-শিকার জনপ্রিয়। বড় বড় জাল ও শিকারি কুকুর দিয়ে তাড়িয়ে ব্যাপকভাবে শিকার করায় প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে। এ ছাড়া গ্রামীণ বনও উজাড় হয়েছে। বাসস্থানের সংকটও তাদের বিপন্ন হওয়ার অন্যতম কারণ। এখন গাজীপুর ও নরসিংদীর শালবনে এবং সিলেট ও চট্টগ্রামের পার্বত্য বনে সামান্য কিছু আছে। কেবল সুন্দরবনেই শজারু আছে ভালোভাবে।