রাত্রিকালীন কারফিউ চায় ভারত, সীমান্তে হত্যা বন্ধের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরপরাধ বাংলাদেশি হত্যা বন্ধ করতে প্রস্তাবে দিয়েছে বিডিআর। এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে সীমান্তে রাত্রিকালীন কারফিউ বলবৎ করার ওপর গুরুত্ব আরোপ করেছে বিএসএফ।গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠকের প্রথম দিন এ বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।পিলখানায় বিডিআর সদর দপ্তরে পাঁচ দিনের এ বৈঠকে বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল এম রফিকুল ইসলাম। আর ভারতের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তব।সকালে বৈঠক শুরুর আগে রমণ শ্রীবাস্তব বিডিআর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সই করেন পরিদর্শন বইয়ে।বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সব ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে দুই পক্ষের সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিক হতাহতের ঘটনা, জোর করে বাংলাদেশের জমিতে ভারতীয়দের আবাদের অপপ্রয়াস এবং সীমান্তে ভারতীয় নাগরিকদের দ্বারা বাংলাদেশিদের অপহরণের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তোলা হয়। এ ছাড়া ফেনসিডিল, গাঁজাসহ সীমান্তে বিভিন্ন মাদকের চোরাচালান রোধ, সীমান্তের ১৫০ গজের মধ্যে সব ধরনের নির্মাণকাজ বন্ধ, অপরাধী ও সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর বিষয়েও প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানেরা কথা বলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে নিরপরাধ মানুষ হত্যা বন্ধের বিষয়টি তোলা হলে ভারতীয় প্রতিনিধিদল এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে এর আগেও বিভিন্ন সময় দ্বিপক্ষীয় বৈঠকে বিডিআরের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে আগের তুলনায় গতকালের বৈঠকে অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে বাংলাদেশের প্রতিনিধিদলের এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।সাম্প্রতিক বছরগুলোতে কয়েক দফা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া এই কর্মকর্তা বলেন, ‘এবারের বৈঠকে ভারতের মনোভাব অন্য যেকোনো সময়ের চেয়ে ব্যতিক্রম মনে হয়েছে। বিশেষ করে গত মার্চে দিল্লিতে যে বৈঠক হয়েছিল, তাতে তাদের এমন মনোভাব ছিল না। নিরপরাধ লোকজনকে হত্যা বন্ধের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে ভারত একসঙ্গে কাজ করতে চেয়েছে।’ তিনি জানান, এ সময় ভারতীয় প্রতিনিধিদল সীমান্ত এলাকায় রাতে চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা বা কারফিউ বলবৎ করার ব্যাপারে আগের সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হচ্ছে, তা জানতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংশ্লিষ্ট এবং তা জেলা প্রশাসনের মাধ্যমে তদারক করা হয়ে থাকে।সীমান্তে হত্যা কমছে: এদিকে বাংলাদেশি প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানান, গত মার্চে দিল্লিতে বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আগ পর্যন্ত সীমান্তে প্রাণ হারায় ২০ জন বাংলাদেশি। আর ওই বৈঠকের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৭ জন।তবে ভারতীয় সূত্রের দাবি অনুযায়ী, তাদের হিসাবে মার্চের ওই বৈঠকের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে উভয় দেশের ১৫ জন প্রাণ হারিয়েছে। এদের নয়জন বাংলাদেশের আর ছয়জন ভারতের নাগরিক। মার্চের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রাণ হারিয়েছে ২২ জন। এদের মধ্যে বাংলাদেশের নাগরিক ১১ জন। গত জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত নিহত বক্তিদের মধ্যে ৩১ জন রাতে ও ছয়জন দিনে প্রাণ হারায়।ভারতীয় সূত্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৭ সাল থেকে সীমান্তে লোকজনের প্রাণহানি কমছে। ওই বছর সীমান্তে নিহত হয় ১৫০ জন। পরের বছর ওই সংখ্যা ১০০-এর নিচে নেমে আসে। ২০০৮ ও ২০০৯ সাল প্রতিবছরই সীমান্তে ৯৩ জন করে লোক প্রাণ হারিয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তব গতকাল বেলা আড়াইটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সীমান্তে মানুষ হত্যা বন্ধে বিএসএফকে গুলি না চালানোর অনুরোধ জানান সাহারা খাতুন। বিএসএফের মহাপরিচালক গুলি না চালানোর আশ্বাস দেন।সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার ও বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।