পুরো নাম: রাদামেল ফ্যালকাও গার্সিয়া জারাতেডাকনাম: ফ্যালকাও, ‘দ্য টাইগার’জন্ম: ১০ ফেব্রুয়ারি, ১৯৮৬ (সান্তা মার্তা, কলম্বিয়া)উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চিপজিশন: স্ট্রাইকারবর্তমান দল: অ্যাটলেটিকো মাদ্রিদজার্সি নম্বর: ৯প্রিয় ও অন্যান্যদল: রিয়াল মাদ্রিদ, এসি মিলানপেশাদার লিগ: লা লিগাশৈশব আদর্শ: রোনালদো (ব্রাজিল), ফাউস্তিনো আসপ্রিয়াঅবসর কাটে: ইন্টারনেট ব্রাউজিংয়ে‘তাঁর সঙ্গে খেলতে পারলে খুশি হতাম আমি। ফ্যালকাও বড় মাপের খেলোয়াড়।’—লিওনেল মেসিফ্যালকাও বড় মাপের ফুটবলারই। ব্রাজিলের সাবেক মিডফিল্ডার। আশির দশকের মধ্যভাগে রোমায় খেলা বিশ্বের সবচেয়ে পারিশ্রামিক পাওয়া ফুটবলার। কিন্তু বর্তমান ফুটবল-বিশ্বের সবচেয়ে প্রার্থিত ফুটবলার লিওনেল মেসি যে ফ্যালকাওয়ের সঙ্গে খেলার কথা বলছেন তিনি ব্রাজিলের ফ্যালকাও নন, কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও গার্সিয়া জারাতে। তবে তাঁর নামের ‘ফ্যালকাও’ অংশটি ব্রাজিলের গ্রেট ওই ফুটবলারের নামানুসারেই।বাবা ছিলেন ফুটবলার। আশির দশকে ডিফেন্ডার হিসেবে খেলেছেন কলম্বিয়ার পেশাদার লিগে। ফুটবলার হিসেবে খুব বেশি নাম কিনতে পারেননি। পারেননি বলেই ছেলেকে দিয়ে অধরা স্বপ্নপূরণের একটা বাসনা ছিল বাবার। ছেলেকে ফুটবলার হিসেবেই গড়ে তুলেছেন। আর ফ্যালকাও বলছেন, ‘খুব ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। মানসিক ও শারীরিকভাবে সেভাবেই গড়ে তুলি নিজেকে।’ ছোটবেলা থেকে ফুটবল খেলতেন আর সময় পেলেই টিভিতে ফুটবল দেখতে বসে যেতেন ফ্যালকাও। বিশেষ করে এসি মিলান ও বার্সেলোনায় থাকার সময় ব্রাজিলের রোনালদোর খেলা মিস হতো না। সামান্য ঝলক দিয়ে হারিয়ে যাওয়া কলম্বিয়ান স্ট্রাইকার ফাউস্তিনো আসপ্রিয়াও প্রিয় খেলোয়াড় ছিলেন ছোট ফ্যালকাওয়ের। বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ১৪ বছর বয়সে কলম্বিয়ার ফুটবল স্কুল ‘ফেয়ার প্লে’তে ভর্তি হওয়া ফ্যালকাওয়ের। কিছুদিন খেলেছেন বোগোটার ক্লাব দেপোর্তিভো লস মিলোনারিওসের বয়সভিত্তিক দলে। এক বছর পরই ডাক পান কলম্বিয়ার অনূর্ধ্ব-১৭ দলে। অনূর্ধ্ব-১৭ দলে খেলার সময়ই রিভার প্লেটের স্কাউটের নজরে পড়েন ১৫ বছরের ফ্যালকাও। এরপর অংশ হয়ে যান রিভার প্লেট যুব প্রকল্পের। তবে ক্লাবটির সঙ্গে পেশাদার চুক্তিতে আসার আগেই ভর্তি হন পালের্মো বিশ্ববিদ্যালয়ে। বিষয় সাংবাদিকতা। পেশাদার ফুটবল নিয়ে ব্যস্ততার কারণে অবশ্য পড়াশোনা শেষ করা সম্ভব হয়ে ওঠেনি।তা না হোক, ফুটবলার হওয়ার আশৈশব স্বপ্নকে তো পূরণ করতে পেরেছেন। রিভার প্লেটে খেলার সময়ই ইউরোপের বড় দলগুলোর নজরে পড়েন ফ্যালকাও। ২০০৭ সালে দক্ষিণ আমেরিকার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ‘আমেরিকার স্বপ্নের’ দলে জায়গা পাওয়া ফ্যালকাও ২০০৯ সালে পাড়ি জমান পর্তুগালের এফসি পোর্তোয়। পোর্তোকে লিগ ও ইউরোপা লিগ জেতানোর পরের মৌসুমেই ঠিকানা বদলে ফেললেন। তিনি এখন স্প্যানিশ লিগের দল অ্যাটলেটিকো মাদ্রিদে।ফ্যালকাওয়ের বড় শক্তি, দুই পায়েই সমান দক্ষতা এবং দুর্দান্ত গতি। গোলপোস্টের সামনে বল পায়ে মাথা ঠান্ডা রাখতে পারেন। ঠিক ব্রাজিলের রোনালদোর মতোই। এ জন্য রোনালদোর সঙ্গে প্রায়ই তাঁর তুলনা হয়। স্ট্রাইকার হিসেবে খুব ধারাবাহিক। ২০১০-১১ মৌসুমে পোর্তোর হয়ে ৪২ ম্যাচে করেছেন ৩৮ গোল। উয়েফা সুপার কাপ পোর্তো জিতল তো একরকম তাঁর সৌজন্যেই। ফাইনালের একমাত্র গোলটিসহ ১৭ গোল করেন ওই টুর্নামেন্টে। টুর্নামেন্টে একই আসরে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড এটি (আগের রেকর্ডটি ছিল ১৫ গোলের, ইয়ুর্গেন ক্লিন্সমানের)। ওই টুর্নামেন্ট খেলেই তিনি বড় দলগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। অ্যাথলেটিকো মাদ্রিদে খেললেও স্বপ্ন আরও বড় দলে খেলা। যেমন স্প্যানিশ লিগের রিয়াল মাদ্রিদ, সিরি ‘আ’র এসি মিলান। তাঁর বিশ্বাস, ‘একদিন ঠিকই এসব ক্লাবে খেলার সুযোগ হবে আমার।’ অ্যাথলেটিকো মাদ্রিদেও দুর্দান্ত শুরু হয়েছে—৭ ম্যাচে ৬ গোল!ব্যক্তি ফ্যালকাও খুব ধার্মিক। খুব সাদাসিধে জীবন যাপন করেন। নিয়মের মধ্যেই নিজেকে রাখতে চেষ্টা করেন সব সময়। যশ-খ্যাতি খুব কম বয়সে ধরা দিলেও কখনো বিপথে পা পড়েনি। অনাকাঙ্ক্ষিত কোনো কাণ্ড করে খবরের শিরোনাম হননি কখনো। ভবিষ্যতে কাজে লাগবে বলে ইংরেজি শিখছেন। অবসরের কিছুটা সময় ইংরেজি নিয়েই কাটে তাঁর। বেশি সময় কাটে নিজের ওয়েবসাইট নিয়ে। www.r9falcao.com ওয়েবসাইটে নিজের খবরাখবর নিয়মিত আপডেট করা তাঁর কাছে একটা বিনোদনেরও বিষয়। শাহরিয়ার ফিরোজ