রান-খরায় ভুগবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
গায়ানায় আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ রান-খরায় ভুগবে। এমনটাই মনে করছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার স্কট স্টাইরিস। গায়ানার পিচে ১২০ রান উঠলে তা প্রতিদ্বন্দ্বিতা করার মতো হবে বলেও মন্তব্য করেছেন তিনি।গত বুধবার প্রস্তুতি ম্যাচে মাত্র ১২৪ রান করেও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারায় স্টাইরিসের দল। সেদিন দুই দলের হয়ে ব্যাট হাতে নামা ২১ ব্যাটসম্যানের মধ্যে মাত্র ৫ জন দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছিলেন। সে ম্যাচের অভিজ্ঞতা থেকেই স্টাইরিস বলছেন, ‘এখানে রান তোলা বেশ কঠিন। ১২০ বা ১৩০—এ পিচে মোটেও খারাপ রান নয়।’ ক্যারিবিয়ানে এর আগেও এসেছেন স্টাইরিস। কিন্তু এ রকম ধীরগতির পিচ কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন তিনি। তাই ব্যাটসম্যানদের প্রতি তাঁর পরামর্শ, দুশ্চিন্তা না করে যতটা সম্ভব রানের চাকা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাও।এদিকে আরেক কিউই ব্যাটসম্যান রস টেলরের আশঙ্কা, গায়ানায় স্লো বোলাররা ভয়ংকর হয়ে উঠতে পারেন। তিনি বলছেন, ‘এ প্রতিযোগিতায় স্পিন একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এ পিচ থেকে স্পিনাররা বেশ সুবিধা আদায় করতে পারবেন। আর এ কারণে দ্রুতগতির বোলাররাও হয়তো তাঁদের গতি কিছুটা কমিয়ে দিতে পারেন।’ টেলরের কথা যদি শেষ পর্যন্ত সত্যি হয়, তাহলে তা হবে স্টাইরিসের জন্য স্বস্তিকর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় তিনি শিকার করেছিলেন ৪টি উইকেট। আজ উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে নামবে তখন দলের পক্ষে কিছু একটা করা তাঁর জন্য সহজই হবে। কিন্তু সমস্যা হলো, প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলে আছে মুরালিধরনের মতো বিধ্বংসী স্পিনার। আরেক স্পিনার অজন্তা মেন্ডিসকে নিয়ে মুরালি যে অল্প রানেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বেঁধে দিতে পারেন, এ আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।