রানা আবার পাঁচ দিনের রিমান্ডে
সাভারের ধসে পড়া বহুতল ভবন রানা প্লাজার মালিক সোহেল রানাকে ইমারত নির্মাণ আইনের মামলায় আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম তৈয়বুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। রানাকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর এই আবেদন করেন।আদালত সূত্র জানায়, রানা প্লাজা ভবনধসের ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত রানাকে ৩৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোহেল রানার বাবা কলু খালেকও রিমান্ডে আছেন। গত ২৮ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। এর পরদিন (২৯ এপ্রিল) ভবনধসের ঘটনায় পুলিশের করা মামলায় ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৫ দিন এবং ১৫ মে হত্যা, মাদক ও অস্ত্র মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। হত্যা ও ইমারত নির্মাণ আইনের মামলায় রিমান্ডে সোহেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়। ৬ মে ধামরাই থানায় ডিবি পুলিশের পরিদর্শক মীর শাহেন শাহ পারভেজ মামলা দুটি করেন।গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এক হাজার ১২৭ জন পোশাকশ্রমিক মারা যান। জীবিত উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার শ্রমিককে।