রানা ও পোশাক মালিকদের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা
যুবলীগের নেতা ও সাভারের ধসে পড়া রানা প্লাজার অন্যতম মালিক সোহেল রানা এবং পাঁচ পোশাক কারখানার মালিকদের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। তাঁরা তাঁদের সম্পত্তি যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারেন, সে জন্য দেশের সব ভূমি নিবন্ধকের (সাব-রেজিস্ট্রার) প্রতি নির্দেশনা (সার্কুলার) জারি করতে নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের বেতনের প্রয়োজন ছাড়া তাঁদের ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ যাতে উত্তোলন করা না যায়, সে জন্য সব বাণিজ্যিক ব্যাংকের প্রতি নির্দেশনা জারি করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংগঠনের (বিজিএমইএ) তত্ত্বাবধানে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হবে। আদেশ বাস্তবায়ন-সংক্রান্ত প্রতিবেদন বিবাদীদের এক সপ্তাহের মধ্যে দাখিল করতে হবে।গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশসহ কয়েক দফা নির্দেশনা দেন। নির্দেশনায় ওই ঘটনায় সরকার ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ নির্ধারণে কমিটি গঠনের কথাও বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৮ মে দিন ধার্য করেছেন আদালত।একই সঙ্গে আদালত সারা দেশে যেসব পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ ও চালিয়ে যাওয়ার মতো নয়, সেগুলো অবিলম্বে বন্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের প্রধান কারখানা পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ‘ওই ভবনধসের ঘটনায় অপরাধী ও পোশাকশিল্পের মালিকেরা গ্রেপ্তার হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে জনপ্রতি এক কোটি টাকা করে। এ জন্য ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৬০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করছি। এর অর্ধেক ভবনমালিক এবং বাকি অর্ধেক গার্মেন্ট মালিকদের কাছ থেকে আদায় করতে হবে। এটা আমার ব্যক্তিগত মত। এ প্রচেষ্টা ব্যর্থ হলে তাঁদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারেন আদালত।’ তিনি বলেন, ‘যাঁরা ওই বিপর্যয়ের জন্য দায়ী, তাঁরা ভুগবেন না, আর ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ভুগবেন, তা হতে পারে না। বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পত্তি বিলিয়ে দিতে হবে। ভবিষ্যতে সতর্কতার জন্য শিক্ষা হিসেবে এটা করতে হবে।’ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা নির্ধারণে কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরেন মাহবুবে আলম। আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, আপনার ব্যক্তিগত মতকে সাধুবাদ জানাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এখানে কী করেছে, সেটা প্রশ্ন। গত ২৫ এপ্রিল স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন ওই বেঞ্চ। এ ছাড়া পৃথক রিটের পরিপ্রেক্ষিতে পৃথক আদেশ দেওয়া হয়। ২৫ এপ্রিলের নির্দেশনা অনুসারে গতকাল সকাল সাড়ে ১০টায় রানা প্লাজার অন্যতম মালিক সোহেল রানা ও পাঁচ পোশাক কারখানার চার মালিককে কড়া পুলিশ প্রহরায় আদালত কক্ষে হাজির করা হয়। পোশাক কারখানার এই চার মালিক হলেন বজলুস সামাদ আদনান, মাহমুদুর রহমান ওরফে তাপস, আনিসুর রহমান ও আমিনুল ইসলাম।এ ছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন সরকার, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হাবিবুল ইসলামসহ (প্রধান পরিদর্শক, কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান পরিদপ্তর) সংশ্লিষ্ট ব্যক্তিরা আদালতে হাজির হন। বেলা ১১টার দিকে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার, পৌর মেয়রের পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে আইনজীবী হাবিবুল ইসলাম ভুইয়া, রাজউকের পক্ষে আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ এবং রিটের পক্ষে আইনজীবী সারা হোসেন, হাসান এম এস আজিম প্রমুখ শুনানিতে অংশ নেন। পরে আদালত আদেশ দেন।আদেশের গুরুত্ব বিবেচনা করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ নির্ধারণে নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিএমইএ, পাঁচ গার্মেন্টের প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত, শ্রম মন্ত্রণালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং ওষুধ বিশেষজ্ঞ, মনোবিদ, অর্থনীতিবিদের নিয়ে কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়। কমিটিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকাও জমা দিতে বলা হয়েছে। আদেশ পাওয়ার পর এক মাসের মধ্যে কমিটিকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। অপর নির্দেশনায় রাজউকের আওতায় থাকা ভবনের তালিকা পর্যায়ক্রমে আদালতে দাখিল করতে রাজউক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। প্রথম ধাপে গার্মেন্ট ফ্যাক্টটির তালিকা দিতে বলা হয়েছে।দেশের পোশাক কারখানার নিরাপত্তাব্যবস্থা, ভবন ব্যবহারযোগ্য কি না, অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে কি না, স্বাস্থ্য উপযোগী ও কাজের পরিবেশ আছে কি না, তার তালিকাসহ সে বিষয়ে প্রতিবেদন দিতে বিজিএমইএ-কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভবনধসের আগের দিন রানা প্লাজায় অবস্থিত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপককে তাঁর অবস্থান ও নেওয়া পদক্ষেপ লিখিতভাবে দাখিল করতে বলা হয়েছে। ঘটনার আগে ওই ভবন পরিদর্শনকারী প্রকৌশলী ফজলুল হকের ঠিকানা আদালতে দাখিলের জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে তাঁকে সহায়তা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নিয়ে ২৫ এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের পক্ষে প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও তিন প্রতিবেদককে তথ্যাদি দিতেও বলা হয়েছে।শুনানি শেষে বেলা সোয়া একটার দিকে পুলিশ আদালত কক্ষ থেকে বের করে সোহেল রানাকে গাড়িতে তোলার সময় উপস্থিত লোকজন ‘ধর ধর’ বলে চিৎকার দেন। রানার ফাঁসির দাবিতে স্লোগানও দেন অনেকে।রানাকে পালাতে সহায়তার অভিযোগে আটক: সোহেল রানাকে আশ্রয় ও পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে গত সোমবার সন্ধ্যায় মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে আবুল হাসান (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। পরে তাঁকে ঢাকা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বলেন, ভবনধসের পর আবুল হাসান তাঁর ফরিদপুরের বাসায় সোহেল রানাকে আশ্রয় দিয়েছিলেন। বেনাপোল সীমান্ত দিয়ে পালাতে সহায়তা করেছিলেন।