রানা প্লাজা ধসের দুই মাস পূর্তিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে রানা প্লাজা ধসের দুই মাস পূর্তি উপলক্ষে আহত-নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহরটিতে আজ সোমবার আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আয়োজিত এ কর্মসূচিতে রানা প্লাজা ধসে আহত শ্রমিকেরাও অংশ নেন এবং বক্তব্য দেন।বক্তারা বলেন, এখনো অনেক নিহত বা নিখোঁজ শ্রমিকের সন্ধান পাননি তাঁদের স্বজনেরা। এ কারণে তাঁরা কোনো ক্ষতিপূরণও দাবি করতে পারছেন না। বক্তারা বলেন, ধসে পড়া কারখানাগুলো ও বিজেএমইএর কাছে সংরক্ষিত তথ্যাদি ঘেঁটে নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরি করা সম্ভব। নিহত শ্রমিকদের তালিকায় তাঁদের অন্তর্ভুক্ত করার দাবিও জানান স্বজনেরা। নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে তাঁর সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ হিসেবে ৪৮ লাখ টাকা দেওয়ারও দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন রানা প্লাজা ধসে নিহত শ্রমিক শান্তার মা শাহিদা বেগম, নিহত সুরুজের ভাই সুজন, আহত রাবেয়ার ভাই আলমগীর শেখ, উদ্ধার ও পুনর্বাসনকাজের সংগঠক আল জাহিদ, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব ইরান, দীপক রায় ও হারুন মাহমুদ।