রানা প্লাজা: ভবন ও পোশাকমালিকদের ব্যাংক স্টেটমেন্ট দাখিলের নির্দেশ
সাভারের ধসে যাওয়া ভবন রানা প্লাজার মালিক ও সেখানকার চারটি পোশাক কারখানার মালিকদের সর্বশেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রানা প্লাজা ধসের ঘটনায় ভবন ও পোশাক কারখানার মালিকদের তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দাখিলের জন্য আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্ল্যাস্ট) করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।আদালতে ব্ল্যাস্ট ও আসকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সারা হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী অবন্তী নূরুল ও প্রজ্ঞা পারমিতা রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। এ ছাড়া, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী বিজিএমইএর প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ ব্যাপারে আল আমিন সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ওই প্রতিবেদনে বিজিএমইএ পোশাক কারখানার শ্রমিকদের সুরক্ষার জন্য টাস্কফোর্স গঠন, পোশাক খাতের কর্মকর্তাদের জন্য ক্র্যাশ কোর্স ও পোশাকপল্লি উন্নয়নসহ বেশ কিছু পদক্ষেপের কথা বলেছে।