রানা প্লাজায় উদ্ধার অভিযান শেষ পর্যায়ে (ভিডিও)
সাভারে ধসে পড়া রানা প্লাজায় উদ্ধার অভিযান এখন শেষ পর্যায়ে। আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল ভোর ছয়টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করা হবে। এরপর তা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।নবম পদাতিক ডিভিশনের কর্নেল ইবনে ফজল সায়েখুজ্জামান আজ দুপুরে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।কর্নেল সায়েখুজ্জামান জানান, গতকাল রোববার বেলা তিনটার পর থেকে আজ বেলা একটা পর্যন্ত ধসে পড়া ভবন থেকে কোনো লাশ উদ্ধার হয়নি। তিনি বলেন, ‘যেহেতু গতকাল থেকে এ পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি, তাই ভবনের বেজমেন্টে যে পরিমাণ বর্জ্য আছে, এর মধ্যে লাশ থাকার সম্ভাবনা খুব কম।’কর্নেল সায়েখুজ্জামান জানান, রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭তম দিনে জীবিত উদ্ধার হওয়া রেশমাকে আজ বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে গণমাধ্যমের সামনে উপস্থিত করা হবে।গতকাল রাত থেকে বেজমেন্টের ছাদ অপসারণের কাজ শুরু হয়। আজ ভোরে তা শেষ হয়। রানা প্লাজা থেকে এখন পর্যন্ত এক হাজার ১২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে।সাভার থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বেজমেন্টের ছাদ অপসারণের সময় সেখানে থাকা ছয়টি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে।আজ বেলা একটার সময় বেজমেন্টের বর্জ্য অপসারণের সময় সেখান থেকে তিনটি রামদা, চারটি চাপাতি, ১৮ বোতল ফেনসিডিল, ১৫টি বিয়ারের ক্যান, একটি করাত, একটি শিকল উদ্ধার করেছে র্যাব। র্যাব-৪-এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম জানান, বেজমেন্টের ভবনমালিক সোহেল রানার অফিসকক্ষের পাশে একটি ভান্ডার-কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।