রানা প্লাজার আশপাশে স্বজনের আহাজারি
সাভারের ভবন ধসে পড়ার পর ৩৬ ঘণ্টা পেরিয়ে গেছে। ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো জীবিত ও মৃত মানুষকে উদ্ধার করা হচ্ছে। রানা প্লাজার আশপাশে অনেকে স্বজনদের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ স্বজনের ছবি নিয়ে কাঁদছেন, কেউবা শুধু ছোটাছুটি করছেন। তাঁদের আহাজারিতে ভারী হচ্ছে এলাকার বাতাস।পাবনা থেকে এসেছেন সীমা। কাঁদছেন আর খুঁজছেন তাঁর বোন ফারজানাকে। ভবন থেকে কাউকে বের করা হলেই বোনের ছবি হাতে দৌড়ে যাচ্ছেন। আবুল কাশেমের দুই ভাগনে সোলায়মান ও মিজানুর রহমান ওই ভবনের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁদের খুঁজতেই তিনি এখন রানা প্লাজার সামনে। ছোট ভাই রাকিবের খোঁজে এসেছেন বোন হোসনে আরা, না পেয়ে কাঁদছেন। শেরপুরের ছামেদ আলী জামাতা খোকনের খোঁজে অপেক্ষা করছেন ভবনের সামনে। ভাই ইদ্রিসকে খুঁজতে রংপুর থেকে এসেছেন রবিউল। থেমে থেমে কাঁদছেন আর বিলাপ করছেন। আফরোজা এসেছেন ভগ্নিপতি আলমকে খুঁজতে। তাঁরা সবাই স্বজনের খোঁজে অপেক্ষা করছেন। তাঁরা জীবিত বা মৃত যেকোনো অবস্থায় স্বজনকে চান। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আজ শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ জনের মৃতদেহ তালিকাভুক্ত করেছে পুলিশ। ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। একজন জীবিত থাকা সাপেক্ষে উদ্ধারকাজ চালানোর কথা জানিয়েছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে রাখা হচ্ছে। সেখানে স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষের বোর্ডের তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯৪ জনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।