রানা প্লাজার তথ্য চেয়ে সাভার পৌরসভাকে চিঠি
ঢাকার অদূরে সাভারে ধসে পড়া ভবন ‘রানা প্লাজা’র অনুমোদন দেওয়ার এখতিয়ার সাভার পৌরসভার আছে কি না, থাকলে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে সাভার পৌরসভার মেয়রকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।একই সঙ্গে ভবনটি কত তলা পর্যন্ত নির্মাণ করার অনুমোদন দেওয়া হয়েছিল এবং ভবনটি অনুমোদনের প্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত ছিলেন, তার প্রতিবেদন কাল বৃহস্পতিবার বেলা দুইটার মধ্যে দিতে বলা হয়েছে।আজ বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব রেহানা ইয়াসমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তাঁরা জানতে পেরেছেন, ভবনটি নির্মাণের অনুমোদন দিয়েছে সাভার পৌরসভা। তাই কাল বেলা দুইটার মধ্যে বিষয়টি জানিয়ে বিস্তারিত প্রতিবেদন ফ্যাক্স অথবা বিশেষ বাহক মারফত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালে সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের বহুতল ভবনটি ধসে পড়ে।