রানা প্লাজার পাঁচ কারখানার সদস্যপদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে যাওয়া রানা প্লাজায় অবস্থিত পাঁচ কারখানার সদস্যপদ স্থগিত করেছে তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ। নির্দেশ না মানার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সমিতি। বিজিএমইএ ভবনে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সমিতির সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ। সদস্যপদ স্থগিত হওয়া কারখানাগুলো হচ্ছে ইথারটেক্স লিমিটেড (বিজিএমইএ রেজিস্ট্রেশন নম্বর ৪৮৫৪), নিউ ওয়েভ বটমস লিমিটেড (বিজিএমইএ রেজিস্ট্রেশন নম্বর ৪৫৭৯), নিউ ওয়েভ স্টাইল লিমিটেড (বিজিএমইএ রেজিস্ট্রেশন নম্বর ৩৬৭৯), ফ্যানটম অ্যাপারেলস লিমিটেড (বিজিএমইএ রেজিস্ট্রেশন নম্বর ১৮৯৬) ও ফ্যানটম ট্যাক লিমিটেড (বিজিএমইএ রেজিস্ট্রেশন নম্বর ৪৬৩৩)।শহিদউল্লাহ আজিম বলেন, বিজিএমইএর নির্দেশ উপেক্ষা করে কারখানা খোলা রাখা হয়েছিল। তাই তাদের সদস্যপদ স্থগিত করে সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রিয়াজ-বিন-মাহমুদ বলেন, কোনো মৃত্যুরই ক্ষতিপূরণ হয় না। তার পরও প্রতিটি শ্রমিকের পরিবারকে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে। এর আগে বিজিএমইএর নেতারা বেশ কয়েকজন শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন। শ্রমিকনেতারা অবিলম্বে ভবনের ও কারখানার মালিকদের গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া সাভারের ওই পাঁচ কারখানার বিজিএমইএর সদস্যপদ স্থগিত করার দাবি জানান।