রানা প্লাজার পোশাক মালিকদের ব্যাংক লেনদেন বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের বেতন ছাড়া রানা প্লাজার পোশাক কারখানাগুলোর মালিকদের অন্য ব্যাংক লেনদেন বন্ধে অবিলম্বে নির্দেশনা দিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনায় অবস্থান ব্যাখ্যা করতে শিল্প পুলিশের উপমহাপরিদর্শক, শিল্প পুলিশের সাভার অঞ্চলের পরিচালক, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান কারখানা পরিদর্শককে ৩০ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। আদালত বলেছেন, শ্রমিকদের বেতনের তত্ত্বাবধান করবে বিজিএমইএ। রুলে ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এবং দুই আইনজীবী ও এক শিক্ষকসহ তিনজন পৃথক রিট করেন। প্রথম রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই পান্না ও আবু ওবায়দুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী অবন্তী নূরুল ও সামিউল আলম সরকার। আরেকটি রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। আইনজীবী হাসান এম এস আজিম বলেন, এর আগে পোশাক কারখানা স্পেকট্রাম, ফিনিক্স ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনার পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আদালত তা প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।