রানা প্লাজায় আহত ইজাজকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে
সাভারে রানা প্লাজায় উদ্ধার অভিযানকালে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত স্বেচ্ছাসেবক ইজাজ উদ্দিন কায়কোবাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসকের পরামর্শে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে ইজাজকে সিঙ্গাপুরে পাঠানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসসের।এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ইজাজকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। তিনি বলেন, সরকার তাঁর চিকিত্সা ও যাতায়াত খরচ বহন করবে। আজ মঙ্গলবার রাতে কিংবা কাল সকালে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। তাঁর স্বাস্থ্যের ওপর বিষয়টি নির্ভর করছে। গত রোববার রাতে সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়া গার্মেন্টস কর্মী শাহীনাকে উদ্ধার করতে গিয়ে ইজাজ গুরুতর আহত হন। এ সময় তাঁর মুখ ও দেহের প্রায় ৪০ শতাংশ আগুনে পুড়ে যায়।আজ বিকেলে প্রধানমন্ত্রী ইজাজসহ চিকিৎসাধীন অপর চারজনকে দেখতে সিএমএইচে যান। এ সময় তিনি আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের নির্দেশ দেন।