সাভারের রানা প্লাজার পাঁচ কারখানায় ৩ হাজার ৪০০ বা তার চেয়ে কিছু বেশি শ্রমিক কাজ করতেন বলে জানিয়েছেন বিজিএমইএর নেতারা। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সমিতির সহসভাপতি এস এম মান্নান। বিজিএমইএর সহসভাপতি বলেন, আত্মসমর্পণের আগে কারখানার মালিকেরা তাঁদের শ্রমিকের সংখ্যা জানিয়েছেন। ঘটনার দিন হরতালের কারণে শ্রমিক উপস্থিতি কিছুটা কম হতে পারে বলেও জানান তিনি।ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী প্রমুখ। ব্রিফিংয়ে জানানো হয়, পোশাক কারখানার ভবনগুলোর কাঠামোগত নকশা ও ভারক্ষমতা পরীক্ষার জন্য বুয়েট, রাজউক ও বিজিএমইএ যৌথভাবে জরিপ করবে। এ ব্যাপারে বুয়েটের পুরকৌশল বিভাগের সঙ্গে সমিতির পক্ষ থেকে আলোচনা হয়েছে। আতিকুল ইসলাম শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘পোশাকশিল্পকে ঘিরে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে। একটি চক্র সাভারের ভবনধসের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সাভার ও আশুলিয়ার কিছু জায়গায় আজ কাজ হচ্ছে না।’ তিনি শ্রমিকদের আগামী বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।ব্রিফিং শেষে চারটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা এক দিনের বেতনের সমপরিমাণ টাকার চেক সমিতির সভাপতির হাতে তুলে দেন। এর মধ্যে চৈতী গ্রুপ ১০ লাখ, মন্ডি দি ক্যাপিটাল গ্রুপ ১০ লাখ, এপিলিয়ন গ্রুপ ১০ লাখ ও আশিয়ানা গার্মেন্টস দিয়েছে দুই লাখ ১৫ হাজার টাকা। গত বুধবার সকালে ধসে পড়ে আটতলা রানা প্লাজা। ভবনধসের দিন তাত্ক্ষণিকভাবে বিজিএমইএ জানিয়েছিল, কারখানাগুলোতে তিন হাজার ১২২ জন শ্রমিক কাজ করতেন।