রানাদের ধরতে নতুন আইনের প্রয়োজন নেই: ড. কামাল
বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সাভারের রানাদের ধরতে নতুন আইনের প্রয়োজন নেই। বিদ্যমান আইনই যথেষ্ট। তবে যে আইন আছে, তার সঠিক প্রয়োগ হয় না। আইনের যেন সঠিক প্রয়োগ হয়, সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ শক্তি সঞ্চয় করতে হবে।’ আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সেমিনারে ড. কামাল হোসেন এসব কথা বলেন। ‘সাভার ট্রাজেডি: আইন ও সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিপূরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। কামাল হোসেন বলেন, কোর্ট আদেশ দিতে পারেন। কিন্তু সেটা বাস্তবায়নের দায়িত্ব সংসদ ও পুলিশের। তাদের সচেতন করতে হবে শ্রমিকদেরকেই। যে দুর্ঘটনাগুলো হচ্ছে, সেগুলোকে স্মরণ রাখতে হবে বিজিএমইএকে। তারা যদি ক্ষমতাসীনদের সঙ্গে অশুভ আঁতাত করে, তাহলে সেটা কারও জন্য শুভ হবে না।কামাল হোসেন শ্রমিক সংগঠনগুলোর নেতাদের উদ্দেশে বলেন, ‘আসুন, কতিপয় রাজনীতিকের হাতে বন্দী না থেকে ঐক্যবদ্ধ আন্দোলন করি। বিজিএমইএসহ সবাইকে অক্ষরে অক্ষরে আইন মানতে বাধ্য করি। এ জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি করতে হবে।’ গণফোরামের সভাপতি আরও বলেন, ‘৫৪ বছর ধরে শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলন করেছি। জীবনের শেষ সময় পর্যন্ত এই আন্দোলনে থাকব। তবে শ্রমিকরা ঐক্যবদ্ধ না হলে এ আন্দোলন কখনো বেগবান হবে না।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘কারাখানা বিপর্যয়ের দিক থেকে বর্তমানে বাংলাদেশ বিশ্বের শীর্ষে অবস্থান করছে। এসব দুর্ঘটনা বারবার ঘটায় আমাদের বোধশক্তি আর কাজ করছে না।’আইন নিজের গতিতে না চলে ক্ষমতার গতিতে চলছে, মন্তব্য করে আনু মুহাম্মদ আরও বলেন, সরকার রানাকে বাঁচাতে চেয়েছিল। এর প্রমাণ পাওয়া যায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশে অর্থমন্ত্রীর বক্তব্যে। তবে শেষ পর্যন্ত জনরোষের কারণে তাঁকে সরকার গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে জলাশয়ের মধ্যে ফাটল ধরা জৌলুশপূর্ণ একটি বিল্ডিংয়ের ওপর। যেকোনো সময় এটা রানা প্লাজার মতো ধসে পড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন ঘটনায় শুধু কমিটি ও টাস্কফোর্স গঠন করলে হবে না। ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার, মালিক ও বিক্রেতাদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে স্বাধীন কমিশন গঠন করতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘সাম্প্রতিক সময়ে মৃত্যুর মিছিল এতই দীর্ঘ হচ্ছে যে, রানারা বেরিয়ে এলেও কারও নজর দেওয়ার সময় থাকবে না।’ তিনি বলেন, কেউ যেন শাস্তি থেকে রেহাই না পায়, সে জন্য একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রয়োজন।আসিফ নজরুল বলেন, ‘আমার মাঝে মাঝে চুল ছিঁড়তে ইচ্ছা করে। যখন শুনি, অর্থমন্ত্রীর দেশের একজন অভিভাবক হয়ে বলেন, রানা প্লাজার ঘটনা কোনো বড় ঘটনা নয়। এটা কোনো দেশ, না মৃত্যু উপত্যকা?’ তিনি বলেন, ‘যারা মরে গেছে, তাদের ক্ষতি পুষিয়ে দিতে পারব না। কিন্তু বর্তমানে যে ঝুঁকিপূর্ণ কারখানা আছে সেগুলো চিহ্নিত করে এখনই গুঁড়িয়ে দিতে হবে। তাহলে যারা বেঁচে আছে, তারা অন্তত রক্ষা পাবে।’ সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমানে ব্যবসায়ীরা রাজনীতিবিদ, রাজনীতিবিদরাই ব্যবসায়ী। আমি যত দূর জানি, তিন ডজন সংসদ সদস্য এই গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। তাই আজকে প্রশ্ন উঠেছে, কারা এই রানার বিচার করবে? যাঁরা বিচার করতে আইন পাস করবেন, তাঁরাই দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’ তিনি আরও বলেন, দেশের আইনপ্রণেতারা হাজার হাজার রানা তৈরি করছেন। এটা বন্ধ করতে না পারলে বারবার এসব ঘটবে। মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন না করা পর্যন্ত এসব ঘটনা কমানো সম্ভব না। বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের মাধ্যমে এসব ঘটনার বিচার করার দাবি জানান তিনি।নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নষ্ট রাজনীতির পরিণতি হলো সাভার ট্র্যাজেডি। সাভারের একটি বাচ্চা ছেলেও জানে যে রানা কে? অথচ প্রধানমন্ত্রী জানেন না। তিনি বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের কথা বলে কারও লাভ নেই। কারণ, তাঁদের ভোট নেই। বেঁচে থাকা শ্রমিকদের রক্ষায় সব শ্রমিক সংগঠনের নেতারা একটি জাতীয় কনভেনশনের আহ্বান করুন। আমরা সব ধরনের সহযোগিতা করব।’সেমিনারে বিশিষ্ট শ্রমিকনেতা আবুল হোসেইন, নাজমা আক্তার, তাসলিমা আক্তার এবং সাভারের রানা প্লাজায় চাপা পড়া চারজন শ্রমিকের স্বজনেরা বক্তব্য দেন।