রানার সম্পদের হিসাব দাখিলে নোটিশ জারির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ধসে যাওয়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা ও তাঁর বাবা আবদুল খালেককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সোহেল রানার অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটির অনুসন্ধানী দল।এ বিষয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলো ডটকমকে বলেন, কমিশনের অনুসন্ধানী দল তাদের প্রাথমিক প্রতিবেদন কমিশনে জমা দিয়েছে। তিনি বলেন, ‘রানার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ আমরা অবশ্যই জারি করব। তবে এখানে একটি আইনি জটিলতা রয়েছে। রানা বর্তমানে জেলহাজতে। আর জেলহাজতে (কাস্টডি) থাকলে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা যায় কি না তা দেখতে হবে।’দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, গত ১০-১২ বছরে সাভারে রানা দুটি বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে। এর একটি ৫০ শতাংশ জমির ওপর নির্মিত ধসে যাওয়া নয়তলা ভবন রানা প্লাজা। আরেকটি আটতলা রানা টাওয়ার (প্রতি ফ্লোর চার হাজার বর্গফুট)। ওই সূত্র আরও জানায়, সাভারে রানার পাঁচতলা আবাসিক ভবন এবং মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মণ্ডপে গ্রামের বাড়িতে একটি দোতলা ভবন রয়েছে। রানার নামে সাভার বাসস্ট্যান্ডে রানা অয়েল মিল আছে। রানা ব্রিকস ও এমএকে ব্রিকস নামের দুটি ইটভাটাও আছে তাঁর।কমিশনের অনুসন্ধানী দলের পাওয়া তথ্য অনুযায়ী, অস্থাবর সম্পদ হিসেবে রানার ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস আছে। এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে হিসাব আছে রানার। এর মধ্যে নিজের নামে ৩৫ লাখ টাকার স্থায়ী আমানতও (এফডিআর) আছে। প্রতিবেদনে সোহেল রানা ও আবদুল খালেকের নামে অর্জিত সম্পদ ও তার উেসর সঠিক হিসাব দেওয়ার জন্য তাঁদের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশ করা হয়েছে। তবে রানার মা মর্জিনা বেগম মৃত বলে তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী জারির সুযোগ নেই। রানার অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক গত ২৮ এপ্রিল দুই সদস্যের একটি দল গঠন করে। দলের সদস্যরা হলেন উপপরিচালক এস এম মফিদুল ইসলাম ও সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম। দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলাম।