রানাসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে যাওয়া রানা প্লাজার মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সম্মিলিত নারী সমাজ। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। ‘সাভারের বহুতল ভবন রানা প্লাজা ধসে পোশাক শ্রমিক হত্যার প্রতিবাদে’ পাঁচ দফা দাবিতে এই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত নারী সমাজের নেত্রী ফরিদা আখতার।মানববন্ধনে আরও বক্তব্য দেন রওশন আরা রুশো, লাভলী ইয়াসমীন, সুলতানা আকতার, সীমা দাস, শম্পা বসু, ফিরোজা বেগম, তাহেরা বেগম প্রমুখ।বক্তরা বলেন, রানা প্লাজা ধসে পড়া কোনো দুর্ঘটনা নয়। এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। এর জন্য দায়ী ভবনের মালিক সোহেল রানাসহ সংশ্লিষ্ট পোশাক কারখানার মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাই এই শ্রমিক হত্যার জন্য দায়ী সোহেল রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, ‘সাভারের ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান তাঁরা।মানববন্ধনে আরও যে সব দাবি জানানো হয়েছে তা হলো, সব আহত শ্রমিককে বিনা খরচে চিকিত্সার ব্যবস্থা করা; নিহত ও আহত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা; সব পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করে শ্রমিকদের পুনরায় কাজে বহাল রাখার দায়িত্ব সরকারের গ্রহণ করা ও রানা প্লাজার স্থানে পরবর্তী সময় কোনো ভবন না তুলে সেখানে নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি করা।