রানি হচ্ছেন কারিনা!
হিরোইন ছবির আলোচিত মাহি আরোরা খান্না চরিত্রে অভিনয়ের পর এবারে ‘রানি অরুন্ধতী’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ‘ছোটে নবাব’ সাইফ আলী খানের প্রেমিকা কারিনা কাপুর। এক খবরে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইতিমধ্যেই ছবিটিতে অভিনয়ের ব্যাপারে সবকিছু চূড়ান্তও হয়ে গেছে। ২০০৯ সালে তেলেগু ভাষায় নির্মিত ‘অরুন্ধতী’ ছবিটি বেশ ব্যবসাসফল হয়। ছবিটিতে সে সময় অভিনয় করেছিলেন দক্ষিণের আলোচিত অভিনেত্রী আনুশকা শেঠি। ২০০৯ সালে তেলেগু ভাষায় নির্মিত ছবিটির হিন্দি রিমেকে এবারে অভিনয় করবেন কারিনা। অনেক জল্পনা-কল্পনার পর মাধুর ভান্ডারকার পরিচালিত হিরোইন ছবির কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর কারিনাকে নিয়ে যে আলোচনা হয়েছিল রানি অরুন্ধতী চরিত্রের পরও ঠিক সে রকম আলোচনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, নারীপ্রধান গল্পের এই ছবিটি ৩১ বছর বয়সী বলিউডের অভিনেত্রী কারিনার ফিল্মি ক্যারিয়ারে ভিন্ন এক মাত্রা যোগ করবে। রানি অরুন্ধতীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে কারিনার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রানি অরুন্ধতীর জীবনীভিত্তিক নির্মিতব্য এ ছবিটি নিয়ে তিনি উদ্বেলিত। কারিনা এও বলেন, ছবিটিতে নারী চরিত্রের আলাদা একটা গুরুত্ব আছে।এদিকে খুব শিগগিরই কারিনা কাপুরকে দেখা যাবে রিমা কাগতি পরিচালিত ‘তালাশ’ ছবিতে। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আমির খান।