রানির জন্য কনসার্টে ম্যাকার্টনি
সম্প্রতি ব্রিটেনের রানি হিসেবে ৬০ বছর পূর্ণ করলেন ৮৫ বছরের রানি এলিজাবেথ। এ উপলক্ষে যুক্তরাজ্য জুড়ে চলছে উত্সব। রানি হিসেবে দায়িত্ব গ্রহণের হিরক জয়ন্তী উত্সবের অংশ হিসেবেই এ বছরের জুনে ডায়মন্ড জুবিলি কনসার্টের পরিকল্পনা করা হয়েছে। বহুবারের আলোচনা আর অসংখ্য অনুরোধের পর সেই কনসার্টে অংশ নিতে রাজি হয়েছেন বিটলস তারকা স্যার পল ম্যাকার্টনি। ডায়মন্ড জুবিলি কনসার্টটি অনুষ্ঠিত হবে লন্ডনে, খোদ বাকিংহাম প্যালেসেই। কনসার্টের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন ৪১ বছর বয়সী ‘টেক দ্যাট’ তারকা গ্যারি বারলো। তিনি গত এক বছর ধরে ম্যাকার্টনিকে এই কনসার্টে অংশ নিতে রাজি করানোর জন্য একরকম যুদ্ধই চালিয়ে আসছিলেন। অবশেষে সফল হয়েছেন বারলো। বাকিংহাম প্যালেসে কনসার্টটির উদ্বোধন ও পর্দা নামানোর জন্য রাজি হয়েছেন ৬৯ বছর বয়সী ম্যাকার্টনি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে যুক্তরাজ্যের সান অনলাইন জানিয়েছে, ‘অনেক দিন ধরেই ম্যাকার্টনিকে এই কনসার্টে অংশ নেওয়ার জন্য বলে আসছিলেন গ্যারি। তিনি তাঁকে এই বলে বুঝিয়েছেন যে এমন একটি আয়োজনের জন্য তিনিই একমাত্র যোগ্য ব্যক্তি। অনেক কাঠখড় পুড়লেও, শেষ পর্যন্ত ম্যাকার্টনিকে রাজি করাতে পেরেছেন বারলো।’ ডায়মন্ড জুবিলি কনসার্টে স্যার পল ম্যাকার্টনি ছাড়াও স্যার টম জোনস, জেসি জেসহ আরও অনেক নামীদামি তারকারাও অংশ নেবেন।