রান্না করা খাবার আর সবজিও খেত নিয়ানডার্থালরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন মানুষ নিয়ানডার্থালদের সম্পর্কে সম্পূর্ণ নতুন তথ্য মিলেছে এক গবেষণায়। অসভ্য, জানোয়ারসুলভ মাংসাশী প্রাণীর গোত্রেই প্রায় ফেলা হতো আধুনিক মানব প্রজাতির এ উপ-প্রজাতিকে। গত সোমবার প্রকাশিত এক গবেষণার ফল থেকে জানা গেছে, নিয়ানডার্থালরা রান্না করা খাবার ও শাকসবজি খেত।মার্কিন গবেষকেরা জানিয়েছেন, এ প্রজাতির মানুষের ফসিলে পরিণত কঙ্কাল পরীক্ষা করে তাদের দাঁতে রান্না করা শস্যকণার সন্ধান পাওয়া গেছে। ‘হোমো’ গণভুক্ত এই প্রজাতি ইউরোপ এবং পশ্চিম ও মধ্য এশিয়ার কয়েকটি অংশে সাড়ে তিন থেকে ছয় লাখ বছর আগে বাস করত। এর আগে নিয়ানডার্থালদের হাড়ের রাসায়নিক পরীক্ষা থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হন, তারা শাকসবজি খেতই না বা অতি সামান্য খেত। তবে মার্কিন সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত ওই গবেষণা রাসায়নিক পরীক্ষার ফলের বিপরীত চিত্র তুলে এনেছে। এর সম্ভাব্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালিসন ব্রুকস বলেন, আগের পরীক্ষায় হাড়ে প্রোটিনের মাত্রা পরীক্ষা করা হয়েছে। ধরে নেওয়া হতো বেশি প্রোটিন মানেই তার উৎস মাংস। কিন্তু এর কিছুটা যে সবজি থেকেও আসতে পারে, তা ভাবা হয়নি।এর আগেও নিয়ানডার্থালদের আবাসস্থলের কাছে শস্য বা ঘাসপাতার চিহ্ন পাওয়া গেছে। কিন্তু তারা তা খেত, নাকি বিছানা বা অন্য কোনো কাজে ব্যবহার করত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি।