রান্নার পাঠশালা
রান্নায় এখন আর নারী-পুরুষ নেই। প্রয়োজনের তাগিদে কিংবা ভোজনবিলাস মেটাতে যে কারোরই রান্না করা লাগতে পারে। কিন্তু হেঁশেলে ঢুকে মা ও চাচিদের কাছে রান্না শেখা হয়ে উঠছে না অনেকের। তাই বলে মজার খাবার কি কেউ আর পাতে তুলতে পারবে না? এর উত্তর মেলে রন্ধনবিদ সিতারা ফেরদৌসের কাছে। তাঁর ভাষ্য, ‘সময় বদলেছে, ব্যস্ত নাগরিক জীবনে সবাই বাইরে ছুটছে নিজের প্রয়োজনে। তাই বলে রান্না শেখা থেমে নেই। এ জন্যই নগরে রান্নার স্কুল জনপ্রিয় হয়ে উঠছে।’ সিতারা ফেরদৌস নিজেই রান্নার স্কুল ‘অর্ঘ’ চালাচ্ছেন ধানমন্ডিতে।এখন কেবল দেশি খাবারই নয়, বিদেশি খাবারের স্বাদ নিতেও ভুলছে না নগরবাসী। আর তাই ভিনদেশি খাবারের রেস্তোরাঁগুলো ক্রেতা পাচ্ছে বেশ। সবার পক্ষে আবার রোজ রোজ রেস্তোরাঁয় যাওয়া সম্ভব নয়। তাই খরচ বাঁচাতে বিদেশি খাবারের প্রিয় পদটি রান্না করা শিখে নিচ্ছেন কেউ কেউ। উত্তরার রান্নার স্কুল ‘রান্নাবাড়ি’তে রান্না শিখতে আসা ফারিয়া আলম জানালেন সে কথাই। তিনি বলেন, ‘রেস্তোরাঁয় খেতে খুবই ভালো লাগে। কিন্তু সব সময় তা সম্ভব হয় না। তাই রান্নার স্কুলে ভর্তি হয়েছি। প্রতিদিনই শেখা রান্না থেকে কিছু না কিছু পদ বাসায় তৈরি করছি।’নগরের অভিজাত এলাকাতেই নয়, সাধারণ পাড়া-মহল্লায়ও অনেকটা ঘরোয়া পরিবেশে গড়ে উঠেছে রান্নার স্কুল। রান্নায় শেখার যেন কোনো শেষ নেই। আর তাই গোড়ানের রান্নার স্কুল ‘সূচনা’র স্বত্বাধিকারী উম্মে কুলসুম অন্যদের রান্না শেখানোর পাশাপাশি নিজেও শিখে চলেছেন নানা পদ তৈরির উপায়। তিনি বলেন, ‘শুরুতে কাজটা শখের বশে হলেও এখন এটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। আমার ১০-১২ জন করে একেকটি ব্যাচ আছে। এলাকার নারীরা আগ্রহ নিয়েই রান্নাটা শেখেন।’অন্যদিকে কেনা খাবারের বিশুদ্ধতার ওপর যাঁদের ভরসা নেই, তাঁরাও রান্না শিখছেন। এ প্রসঙ্গে সূচনায় রান্না শিখতে আসা মনিরা সালমা বলেন, ‘চাকরি ছেড়েছি সন্তানদের জন্য। তাদের বায়না পূরণ করতে ঘরে নানা পদের খাবার বানাতে হয়। কেননা বাইরের খাবার স্বাস্থ্যসম্মত কি না, তার কোনো নিশ্চয়তা নেই। তাই ঘরে বসে নিজ হাতে কম খরচে খাবার তৈরি করে দিতে পারছি—এটাই বা কম কী। আর রান্না শিখে ঘরে বসেই দোকানে দোকানে ঘরে তৈরি খাবার সরবরাহ করা যাবে।’রান্না শিখে আয়ের পথ বের করাটা তেমন কঠিন নয় বলে মনে করেন রান্না শেখার প্রতিষ্ঠানের ‘এপিক ইনস্টিটিউট’-এর কর্ণধার রহিমা সুলতানা। তিনি বলেন, ‘আজ থেকে ২০ বছর আগে যখন রান্না শেখানোর কার্যক্রম শুরু করি, তখন সেটা ছিল হাস্যকর একটা কাজ। কিন্তু এখন অনেকেই রান্না শিখছেন ও শেখাচ্ছেন। একজন নারী তাঁর খাবার টেবিলে বসেই বের করে ফেলতে পারেন নিজের আয়ের পথ। কেননা আজকাল নগরে হোম মেড খাবারের চলটা বেড়েছে।’রান্নার কাজটা অনেকে নারীদের ওপর চাপিয়ে দিতে চান। এ বিষয়ে ভিন্ন মত দিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান। তিনি বলেন, ‘রান্নার আবার ছেলে-মেয়ে কী? রান্না হলো একটা সৃজনশীল শিল্পমাধ্যম। আর এই শিল্প আয়ত্ত করতেই রান্নার কয়েকটা কোর্স করেছি।’রান্নার প্রতিষ্ঠানভেদে কোর্সের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে রান্না শেখানোর প্রতিষ্ঠানগুলো মূলত চায়নিজ, বেকারি অ্যান্ড পেস্টি, মোগলাই, ফিরনি-পায়েস, আইসক্রিম, মাংস-সবজির নানা পদ এবং মাইক্রোওভেন ও ইলেট্রিক ওভেনে রান্নার কায়দা-কানুন শিখিয়ে থাকে। শুধু রান্না করাই নয়, বরং খাবার সাজানো এবং পরিবেশনের নানা পদ্ধতিও শিখিয়ে থাকে রান্নার স্কুলগুলো। নগরে ব্যক্তি-উদ্যোগের বাইরে বাংলাদেশ মহিলা সমিতিও মেয়েদের রান্না শেখানোর প্রশিক্ষণ দিয়ে থাকে। তাদের প্রশিক্ষণকেন্দ্রটি বেইলি রোডের সমিতির কার্যালয়ে। এখানে স্বল্প খরচে রান্না শেখা যায়। রান্না শেখানোর স্কুলগুলোতে প্রশিক্ষণ নিতে দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। আর ক্লাসের সময়সীমা সাধারণত দুই থেকে আড়াই ঘণ্টা হয়ে থাকে।নগরে রান্না শেখানোর প্রতিষ্ঠানের প্রসার জানতে চাইলে পুষ্টিবিদ সিদ্দিকা কবীর বলেন, আগে স্কুলে মেয়েদের রান্নার প্রতিযোগিতা হতো। রান্না ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। তবে কর্মচঞ্চল নাগরিক জীবনে বিনোদনের নানা উপায় যেমন আবিষ্কৃত হয়েছে, তেমনি হেঁশেলে ঢোকার সময়ও কম পাচ্ছেন নারীরা। তাই রান্নার স্কুলে গিয়ে তাঁরা কম সময়ে মজার মজার পদের রান্নার কৌশল শিখছেন। রান্না ছেলে বা মেয়ে সবাই শিখতে পারে। তবে যাঁরা রান্না শেখান, তাঁদের উচিত সঠিক উপায়ে পরিচ্ছন্নভাবে এবং খাবারের গুণাগুণ ঠিক রেখে রান্না শেখানো।