রাফসানজানির মেয়েকে কারাদণ্ড দিয়েছে ইরান
ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসান জানির মেয়ে ফাইজাহ হাশেমিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর দায়ে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়।রক্ষণশীল ওয়েবসাইট ‘মাশরেঘনিউজ ডট আইআর’-এর বরাত দিয়ে বিবিসি জানায়, ছয় মাসের কারাদণ্ডাদেশ ছাড়াও গতকাল মঙ্গলবার ইরানের আদালত ফাইজাহকে আগামী পাঁচ বছর পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এ ছাড়া তিনি এ সময়ের মধ্যে কোনো গণমাধ্যমের কোনো খবর বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ফাইজাহ ২০ দিন সময় পাবেন। গত মাসে রুদ্ধদ্বার কক্ষে তাঁর বিচার হয়।ফাইজাহর আইনজীবী গোলাম আলী রিয়ানি জানান, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারের জের ধরে ফাইজাহর বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়।২০০৯ সালের জুন মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল বিক্ষোভ করে। ওই সময় ফাইজাহকেও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। এ কারণে তাঁকে কিছুদিন আটকও করে রাখা হয়।