রাবার শিল্পের উন্নয়নে শিগগিরই রাবার বোর্ড গঠিত হচ্ছে: হাছান মাহমুদ
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার রাবার শিল্পকে দেশের বিকাশমান শিল্প হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শিগগিরই রাবার বোর্ড গঠন করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ রাবার বোর্ড আইন খসড়া আকারে ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ রাবার নীতি-২০১০ প্রণয়ন করা হয়েছে।আজ রোববার সচিবালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ও তিন দিনব্যাপী রাবার মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।হাছান মাহমুদ বলেন, ‘আমাদের মতো ঘনবসতিপূর্ণ বিপুল জনসংখ্যা অধ্যুষিত দেশে কর্মসংস্থান, আর্থসামাজিক উন্নয়ন, আর্থিকভাবে অত্যন্ত লাভজনক এবং পরিবেশ রক্ষায় রাবার চাষের অপরিসীম গুরুত্ব বিবেচনায় বিএফআইডিসির পাশাপাশি ব্যক্তিমালিকানায়ও ব্যাপকভাবে রাবার চাষ হচ্ছে। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশের প্রায় ৯৩ হাজার একর জমিতে রাবারের চাষ হচ্ছে।’হাছান মাহমুদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বন বিভাগের মতো সামাজিক রাবার বাগান সৃজনের কর্মসূচি গ্রহণের বিষয়টি বিবেচনা করছে। দেশে বর্তমানে ৯২ হাজার একর জমিতে প্রায় ১৪ হাজার মেট্রিক টন রাবার উত্পাদিত হচ্ছে। বারারের উত্পাদন বাড়ানোর জন্য বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে রাবার রিসার্চ ডিভিশন খোলা হয়েছে। দেশে বর্তমানে যেসব রাবার ক্লোন রয়েছে, তা প্রায় ৫০ বছরের পুরোনো। বর্তমান সরকার নতুন উদ্ভাবিত রাবার ক্লোন আমদানির মাধ্যমে রাবারের উত্পাদন বৃদ্ধির কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, রাবার গাছ সাধারণ গাছের চেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে বিধায় রাবার গাছ থেকে কার্বন ট্রেডিংয়ের মাধ্যমে বিদেশি মুদ্রা আহরণের পাশাপাশি দেশে রাবারের উত্পাদন বাড়লে রাবার শিল্পের বিকাশ হবে। প্রতি হেক্টর রাবার বাগান বায়ুমণ্ডল থেকে প্রায় ৩৯ দশমিক ০২ টন কার্বন শোষণ করে, যা বৈশ্বিক উষ্ণতা রোধে ব্যাপক ভূমিকা রাখে।এ সময় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দিন, রাবার শিল্প মালিক সমিতির সভাপতি ও রাবার বাগান মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।