রাবেয়া উপাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের গর্ভে থাকতেই বাবা চলে গেলেন পৃথিবী ছেড়ে, নয় মাস বয়সে মাও চলে গেলেন। দুই ভাই নিখোঁজ। নানা-নানি আর বোন-দুলাভাইয়ের সংসারে মানুষ। রংপুরের মঞ্চ থেকে অভিনয় শুরু... অতঃপর স্বীকৃতিমা মা করে ডাক দিয়ে মায়ের আঁচলের ফাঁকে ঢুকে পড়বেন—এমন ভাগ্য জোটেনি তাঁর। মায়ের আদর-সোহাগ কেমন, তাও তিনি জানেন না। সেই সঙ্গে পাননি বাবার সান্নিধ্যও। মায়ের গর্ভে থাকতেই মারা যান বাবা। আর জন্মের পর মাকে যখন দেখতে ও বুঝতে শিখেছেন, ঠিক জন্মের নয় মাসের মাথায় মা-ও চলে যান বাবার মতোই। কিছু একটা বুঝে ওঠার আগেই সুন্দর ধরণি থেকে বাবা-মায়ের বিদায়ঘণ্টা। এরপর কোলের শিশু থেকে ১১ বছর কেটেছে নানা-নানির কোলে। একজন সাধারণ নারীর গল্প এগুলো, কষ্টে ভরা জীবন যাঁর। দুঃখভরা স্মৃতি। জীবনের পঙিক্তগুলো শুধুই যে কষ্টের, তা-ও নয়। সেই মেয়েটি এখন অনেক বড় হয়েছেন। এ বছর পেয়েছেন মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার। নাম তাঁর রাবেয়া আক্তার। তবে সবাই তাঁকে মণি নামে চেনেন। বয়স ৩২ ছুঁইছুঁই করছে। বাবা দিলীপ সরকার। আর মা ছায়া সরকার। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট রাবেয়া। এখনো দুই ভাই নিখোঁজ। ছোটবেলায় তাঁরা হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের সন্ধান মেলেনি। রাবেয়ার জন্ম যশোরের কেশবপুরে। নানা-নানির কাছে বড় হতে হতে যখন ১১ বছর বয়স, ঠিক এমন সময় রাবেয়ার বড় বোনের বিয়ে হয় রংপুরে মনসুর আলীর সঙ্গে। বিয়ের কিছুদিনের মধ্যে নানা মারা যান। এরপর বড় বোন শিলা মনসুর ছোট্ট রাবেয়াকে সঙ্গে নিয়ে চলে যান রংপুরে। আর সেই থেকেই বাকিটা সময় তাঁর কেটেছে রংপুরে। এখনো থাকছেন সেখানেই। থিয়েটারপাগল মানুষ মনসুর আলী বাবলু, মানে মণির ভগ্নিপতি। থিয়েটারে অভিনয়ের পাশাপাশি শিল্পীদের রূপ সজ্জায় সুনাম কুড়িয়েছেন। এরই সুবাদে দুলাভাইয়ের হাত ধরে রাবেয়া ছুটে গেছেন থিয়েটার দেখতে। বড় বোন শিলা মনসুরও ঘুরে বেড়াতেন স্বামীর সঙ্গে। একসময় শিলা মনসুরও ঝুঁকে পড়েন অভিনয়ে। আর শিশু রাবেয়া বোনের সঙ্গে মঞ্চে অভিনয়ে পা রাখলেন। সময়টা ১৯৯০ সাল। রংপুর থিয়েটারের হয়ে ১৯৯১ সালে প্রথম মঞ্চনাটক করেন স্বর্গের উপস্বর্গ। এরপর ’৯২ সাল থেকে পুরোদমে যুক্ত হয়ে পড়েন বিকন নাট্যকেন্দ্রের সঙ্গে। শুরু হয় মঞ্চে অভিনয়ের পথচলা। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে না পারলেও মণি খুব অল্প সময়ে রংপুরের নাট্যাঙ্গনে সুনাম কুড়াতে লাগলেন। স্ক্রিপ্টে চোখ বোলালেই তাঁর মুখস্থ হয়ে যেত। একে একে কিছু মঞ্চনাটক করে ফেললেন। শুদ্ধ ও পরিষ্কার উচ্চারণের জন্য মণি রংপুর বেতারে নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে যান। ১৯৯৫ সাল থেকে তিনি নিয়মিত বেতারে অভিনয়ের কাজ করে চলেছেন। এরই মধ্যে টেলিভিশনের জন্য নাটক করতে রংপুরে যান বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুল। সময়টা ১৯৯৮ সাল। তখন রাবেয়ার বয়স ২০ বছর। আনিসুল হকের রচনায় তিনি নাল পিরান নামের একটি নাটক নির্মাণ করবেন। এই নাটকের পাত্র-পাত্রী নির্বাচন করা হলো পুরোটাই রংপুর থেকে। নাটকের প্রধান নারী চরিত্র হিসেবে মণিকে যুক্ত করা হয়। আর টেলিভিশনে প্রথম নাটক করেই বাজিমাত করে দেন তিনি। সেরা টিভি অভিনয়শিল্পীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়ে যান। তাঁর ডাক পড়ে ঢাকায়। আনন্দে উল্লসিত হয়ে রংপুর থেকে ছুটে গেছেন ঢাকার হোটেল রূপসী বাংলায় (সাবেক শেরাটন)। তেমন একটা ঝোঁকও ছিল না টিভি নাটকের প্রতি। এভাবে বেশ কয়েক বছর কাটতেই বিয়ে করলেন মঞ্চের নাট্যকর্মী আবু আজাদকে। চালচুলোহীন সংসারে অভাব-কষ্টের সঙ্গে লড়াই করেছেন প্রতিনিয়ত। আর্থিক দৈন্যদশা থেকে মুক্তি পেতে সামান্য অর্থের বিনিময়ে রংপুর থেকে ট্রেনে চেপে ছুটে যেতেন পার্বতীপুরে। সেখানে একটি সংগঠনে শিশুদের নাটক শেখাতে যেতেন। এভাবেই কেটে যায় কয়েক বছর। রংপুরেই তাঁর আবাস। বেতারে টুকটাক নাটকের কাজ, আর মঞ্চে ছোটাছুটি। একেবারেই সাদামাটা জীবনযাপন। এরই মধ্যে জন্ম হয় দুটি সন্তানের। সন্তানদের দেখভাল, রান্নাবান্নার পাশাপাশি ছুটে গেছেন মঞ্চে। কোলের সন্তানদের কারও কাছে রেখে মঞ্চে উঠতে হয়েছে। থিয়েটারকে ভালোবেসে রংপুরের মঞ্চ ছাড়েননি। প্রাপ্তি তেমন কিছুই ছিল না। শুধু ছিল মঞ্চের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। ২০০৮ সালের অক্টোবর মাসের কোনো একদিন। সাইদুল আনাম টুটুলের সঙ্গে কাজ করেছেন এমন একজন রংপুরের নাট্যকর্মী মিজান তালুকদার এসে প্রথম জানান, বিশিষ্ট অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় মণির সঙ্গে মোবাইল ফোনে কথা বলবেন। একসময় কথাও হয়। তিনি জানিয়ে দেন তারেক মাসুদের ছবির কথা। এরপর বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় মণির। ঢাকায় অডিশনের জন্য ডাক পড়ে। ছুটে যান অডিশনে। এই অডিশনেই তাঁকে মনোনীত করা হয় রানওয়ে ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করার জন্য। কোলের শিশুকে সঙ্গে নিয়ে ঢাকায় টানা ২১ দিন শুটিং করেছেন। ছোট্ট অর্জনের বয়স ছিল তখন মাত্র সাত মাস। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০১০ সালের মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন। তাই হয়ত প্রতিক্রিয়ায় বলেছিলেন অর্জনের জন্যই তাঁর এই অর্জন।গল্পের মতো করেই রাবেয়া আক্তার শোনালেন তাঁর জীবন কাহিনী। বললেন তাঁর বেড়ে ওঠার ধাপগুলো। একসময় আবেগতাড়িত হয়ে বলে ওঠেন, ‘ওই যে যশোর ছেড়েছি, আর কোনো দিন সেখানে যাওয়া হয়নি। ভাই দুটির খোঁজও মেলেনি। আত্মীয়স্বজনদের সঙ্গেও নেই যোগাযোগ।’ তিনি বলেন, ‘আছে শুধু বোন ও দুলাভাইয়ের স্নেহ-ভালোবাসা। আর রংপুরের সাংস্কৃতিক-কর্মীদের সহযোগিতা।’ পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘পুরস্কার তো সব সময় আনন্দের। কষ্টময় জীবনের পথচলায় এই পুরস্কার এনে দিয়েছে যেমন আনন্দের স্বাদ, তেমনি দিয়েছে ভালো কাজের জন্য ছুটে চলার প্রেরণা।’