রাব্বানি হত্যার দায় অস্বীকার করল হাক্কানি নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও দেশটির শান্তি পরিষদের চেয়ারম্যান বোরহানউদ্দিন রাব্বানি হত্যাকাণ্ডের জন্য হাক্কানি নেটওয়ার্ক কোনোভাবেই দায়ী নয় বলে জানিয়েছে জঙ্গি সংগঠনটির একজন মুখপাত্র। আজ সোমবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।খবরে জানা যায়, বোমা হামলায় রাব্বানি হত্যাকাণ্ডের ঘটনায় জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছিল আফগান কর্তৃপক্ষ।হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজ হাক্কানি জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে হাক্কানির কোনো সম্পর্ক নেই। বিশেষ নিরাপত্তার কারণে মুখোমুখি সাক্ষাত্কার না দিয়ে বিবিসিকে দেওয়া এক অডিও বার্তায় সিরাজ হাক্কানি এ কথা বলেন।সিরাজ হাক্কানি বলেন, ‘আমরা রাব্বানিকে হত্যা করিনি। আর আমাদের পক্ষ থেকে এ কথা অনেকবার বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মোল্লা ওমর আমাদের নেতা। আমরা সব সময়ই তাঁর আজ্ঞাবহ। প্রতিটি অভিযানের জন্য আমরা নির্দেশ পাই। অর্থনৈতিক সহযোগিতা ও পরিকল্পনা শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে আসে। আমরা সেই অনুযায়ীই কাজ করি।’সিরাজ হাক্কানি জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন হাক্কানির ছেলে। বর্তমানে এই নেটওয়ার্কের মূল নেতৃত্ব তিনিই দিচ্ছেন। সম্প্রতি কাবুলে ক্রমিক হত্যাকাণ্ডের জন্য এই হাক্কানিকে দোষারোপ করা হয়।উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর কাবুলে নিজ বাড়িতে বোমা হামলায় নিহত হন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রাব্বানি। সে সময় রাব্বানি তালেবান সদস্যদের সঙ্গে শান্তি আলোচনা করছিলেন। পরে এক তালেবান সদস্য তাঁর মাথার পাগড়ির ভেতর থেকে বোমা বের করে বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। এ হামলার পর প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছিলেন। হামিদ কারজাই জানান, তাঁর সরকার তালেবান জঙ্গিদের সঙ্গে আর কোনো শান্তি আলোচনা করবে না। বরং এর চেয়ে তাঁরা পাকিস্তানের সঙ্গে আলোচনার ওপর জোর দেবেন। তিনি আরও বলেন, ‘মোল্লা ওমরের তো ঠিকানা নেই। আর তাঁদের শান্তি দূতেরাই তো হত্যাকারী হয়ে যাচ্ছে। তাহলে আমরা কার সঙ্গে আলোচনা করব?’