রাগসংগীতের গুণী শিল্পী রামকানাই দাশ। বাবা রসিকলাল দাশ ও মা দিব্যময়ী দাশ—দুজনই ছিলেন লোককবি এবং লোকগানের শিল্পী। তাই শৈশব থেকে লোকগানের প্রতি তাঁর অনুরাগ। তাই রাগসংগীতের শিল্পী হলেও লোকরীতির বৈশিষ্ট্য তাঁর কণ্ঠে যেন অন্য মাত্রা যোগ করেছে। এবার লোকগান নিয়ে অ্যালবাম করছেন তিনি। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পণ্ডিত রামকানাই দাশের একক অ্যালবাম ‘অসময়ে ধরলাম পাড়ি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানে শিল্পী তাঁর সদ্য প্রকাশিত অ্যালবামের গানগুলো শ্রোতাদের গেয়ে শোনান।অসময়ে ধরলাম পাড়ি অ্যালবামে শিল্পী হাসন রাজা, রাধারমণ, রসিকলাল দাশ, আজিম ফকির, দিব্যময়ী দাশ, রুক্মিণী, সিতালং শাহর গান করেছেন। গানগুলোর মধ্যে রয়েছে: ‘অসময়ে ধরলাম পাড়ি’, ‘আমি না লইলাম’, ‘জলেরঘাটে দেইখ্যা আইলাম’, ‘আইলা রে নুয়া জামাই’, ‘মনচোরা কালিয়া রে’, ‘জ্বালাইল পিরিতের আগুন’, ‘ও সোনা বন্ধু রে’, ‘কানাই তুমি খেইর খেলাও’ ইত্যাদি।