রামগতিতে আ.লীগের সংকট ঘরে, বিএনপির কাঁটা জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সমস্যা নিজের ঘরে। অন্যদিকে বিএনপির চ্যালেঞ্জ চারদলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী।এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে সমর্থন দিয়েছে আজাদ উদ্দিন চৌধুরীকে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম মেজবাহ উদ্দিন। দুই প্রার্থীই পরস্পরের গলার কাঁটা হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।অন্যদিকে বিএনপি সমর্থন দিয়েছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ আলীকে। এ উপজেলায় সাংসদও বিএনপির। তবে পৌর নির্বাচনে এখানে বিএনপির পাশাপাশি জামায়াতও প্রার্থী দিয়েছে। জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দিন খন্দকার এখানে বিএনপির প্রার্থীর জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠেছেন। এ ছাড়া বিএনপির অন্তর্কোন্দলও দলীয় প্রার্থীর জন্য আরেকটি সমস্যা বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।এই চার প্রার্থীর বাইরেও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। জেএসডির প্রতিষ্ঠাতা সভাপতি আ স ম আবদুর রব নিজ এলাকা বলে রামগতিতে জেএসডির একটি সমর্থক গোষ্ঠী আছে।কেন্দ্রে আজাদ, প্রান্তে মেজবাহ: রামগতি পৌরসভার মেয়র পদে একক প্রার্থী দেওয়ার লক্ষ্যে পৌর আওয়ামী লীগ বৈঠক করেছিল গত ১০ ডিসেম্বর। সেখানে সর্বসম্মতভাবে মেজবাহকে প্রার্থী ঘোষণা করে মিছিলও হয়। কিন্তু কয়েক দিন পর কেন্দ্র থেকে সমর্থন দেওয়া হয় আজাদ উদ্দিনকে। স্বাভাবিকভাবেই স্থানীয় আওয়ামী লীগ এটা মেনে নিতে পারেনি। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃস্থানীয়রা মেজবাহর পক্ষ নিয়েছেন। আর আজাদ উদ্দিনের পক্ষে আছেন তাঁর চাচা শ্বশুর বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পরাজিত প্রার্থী আবদুর রব চৌধুরী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।আজাদ উদ্দিন সর্বশেষ ২০০২ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে নির্দলীয় মেয়র ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি পলাতক ছিলেন। মাঝখানে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। কিন্তু হলফনামায় মামলা-সংক্রান্ত তথ্য গোপন করায় ওই সময় মনোনয়নপত্র বাতিল হয়।মেজবাহ উদ্দিন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, আজাদ উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। ২০০৫ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এটা থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো দলিল নেই।উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসুস্থ। সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ মেজবাহর বক্তব্য সমর্থন করে বলেন, আজাদ আওয়ামী লীগ করেন না। স্থানীয় আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে মেজবাহকে অনুমোদন দিয়েছে।তবে আওয়ামী লীগের কেন্দ্র থেকে সমর্থন পাওয়া প্রার্থী আজাদ উদ্দিন বলেন, মেজবাহ বিদ্রোহী প্রার্থী। কেন্দ্র থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘আমি ২০০১ সাল থেকে রব চৌধুরীর ভোট করছি।’আজাদের ছেলেও প্রার্থী: রামগতিতে এখন আরেক আলোচনা বিষয় হচ্ছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রার্থী আজাদ উদ্দিনের ছেলে আরিফ চৌধুরীর প্রার্থিতা নিয়ে। আরিফ ‘টেলিফোন’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তবে আরিফের নামে কোনো পোস্টার, ব্যানার বা প্রচার চোখে পড়েনি। স্থানীয় সূত্রগুলো জানায়, আজাদ মূলত নিজের ছেলেকে ‘ডামি প্রার্থী’ হিসেবে দাঁড় করিয়েছেন নির্বাচনে কিছু বাড়তি সুবিধা পেতে। যেমন: বাপ-ছেলের পৃথক প্রতীকের জন্য ভোটকেন্দ্রের বুথে একাধিক নির্বাচিনী এজেন্ট নিয়োগ, একাধিক গাড়ি ব্যবহারের অনুমতি এবং নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রেও সুবিধা পাওয়া।বিএনপির চ্যালেঞ্জ জামায়াত: রামগতি থেকে জামায়াত কখনোই সংসদ নির্বাচনে সুবিধা করতে পারেনি। তবে জামায়াতের একটা ‘ভোট ব্যাংক’ রয়েছে। কিন্তু এবার পৌর নির্বাচনে জামায়াত আলাদা প্রার্থী দেওয়ায় বিপাকে পড়েছে বিএনপি।বিএনপির প্রার্থী শাহেদ আলী মুসলিম লীগের প্রয়াত সভাপতি জমির আলীর ছোট ভাই। মুসলিম লীগ পরিবারের বলে বরাবরই জামায়াতের সঙ্গে ভালো সম্পর্ক।শাহেদ আলী বলেন, এখানে সম্ভবত জোট নেই। তবে মুসলিম লীগ পরিবার হিসেবে তিনি জামায়াত ঘরানার ভোট পাবেন। বিএনপিতে কোনো কোন্দল নেই বলেও তিনি দাবি করেন।তবে দলীয় সূত্রে জানা গেছে, শাহেদ আলীকে দলীয় সাংসদ আশরাফ উদ্দিন সমর্থন দিয়েছেন। তাঁর কর্মী-সমর্থকেরাও মাঠে আছেন। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারীর সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় ছাত্রদলের একটা অংশ শাহেদ আলীর পক্ষে নেই বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দিন টাকাওয়ালা হিসেবে এলাকায় পরিচিত। তিনি ঢাকায় ব্যবসা করেন। এলাকায় টাকা বিলানোরও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। মোসলেহ উদ্দিন টাকা বিলানোর অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি জামায়াতের ঢাকা সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড শাখার সভাপতি। এলাকায় জামায়াতের বাইরে সাধারণ মানুষও তাঁকে ভালোবাসে বলে তিনি দাবি করেন।আজাদের বিরুদ্ধে কত মামলা?: আওয়ামী লীগের কেন্দ্র থেকে সমর্থন পাওয়া মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী হলফনামায় বলেছেন, তাঁর বিরুদ্ধে মোট ৩৮টি মামলা হয়েছে। এর মধ্যে ছয়টি এখনো বিচারাধীন। ৩২টি এখন আর চলমান নয় বলে হলফনামায় উল্লেখ করেছেন। একটি সাধারণ ডায়েরি (জিডি) আছে।কিন্তু রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান চৌধুরী বলেন, হলফনামায় উল্লেখ করা ৩৮টিসহ আজাদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১২টি মামলা বিচারাধীন, নয়টি মামলা স্থগিত ও ছয়টি মামলা বিভিন্ন আদালতে স্থানান্তর করা হয়েছে। দুটি মামলার সর্বশেষ অবস্থা জানা যায়নি। হলাফনামা ও থানার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এ দুই তালিকার মধ্যে মাত্র ছয়টি মামলার মিল আছে।আজাদ উদ্দিন চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, থানার দেওয়া তথ্য ভুল। হলফনামায় সব সত্য উল্লেখ করেছেন তিনি।রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন হায়দার বলেন, চূড়ান্ত প্রতিবেদন হয়েছে বা খালাস পেয়েছেন, এমন ক্ষেত্রে বিশদ তথ্য না দিতে পারার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয় না।তবে বিচারাধীন, স্থগিত ও স্থানান্তরিত মামলার তথ্য গোপন করা হলে সে ক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাব রিটার্নিং কর্মকর্তা এড়িয়ে যান।