লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটার ও সমর্থকদের মেজবান খাওয়ানোর দায়ে গতকাল শনিবার এক প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ স ম হাসান আল-আমিন ওই জরিমানা করেন।উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাইয়েদ মো. আনোয়ার খালেদ জানান, চর আলেকজান্ডার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী মো. হুমায়ুন কবির (বৈদ্যুতিক পাখা)। তিনি গতকাল দুপুরে নিজ বাড়িতে তাঁর ভোটার-সমর্থকদের মেজবান খাওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শতাধিক ভোটার-সমর্থক সেখানে মেজবান খাচ্ছেন। সাইয়েদ মো. আনোয়ার খালেদ আরও বলেন, এ আচরণ ইউপি নির্বাচন আচরণ বিধিমালার প্রচারণা সংক্রান্ত বাধা-নিষেধ অধ্যায়ের ৮ নম্বর অনুচ্ছেদের (খ) ও (গ) উপ-অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে মো. হুমায়ুন কবিরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে মো. হুমায়ুন কবিরের বক্তব্য জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।