রামগতিতে সহিংসতা, অন্যত্র শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার দেশের চার জেলার চার উপজেলার ২৪টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়েছে। রামগতি ছাড়া অন্যত্র নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ।বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখল, প্রার্থী ও এজেন্টদের মারধরের ঘটনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছয়টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়েছে। সহিংসতায় প্রার্থী ও এজেন্টসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।গতকাল পটুয়াখালীর দশমিনা উপজেলার ছয়টি ইউপি, পিরোজপুরের কাউখালী উপজেলার পাঁচটি ইউপি, বাগেরহাটের চিতলমারী উপজেলার সাতটি ইউপি ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছয়টি ইউপিতে ভোট গ্রহণ করা হয়। সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও নির্বাহী হাকিম নিয়োজিত ছিলেন।রামগতি: প্রত্যক্ষদর্শী, প্রার্থী ও পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে চর আবদুল্যাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অস্থায়ী ভোটকেন্দ্রে সদস্য পদপ্রার্থী মো. মফিজুল ইসলামের সমর্থকদের সঙ্গে অপর সদস্য পদপ্রার্থী সাহাব উদ্দিন খানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মফিজুল ইসলামসহ তাঁর ভাই মো. মহসিন, মো. সফিক, মো. ইয়াছিন ও মো. বাচ্ছু এবং সাহাব উদ্দিনের তিন সমর্থক আহত হন।বেলা দেড়টার দিকে চর আলগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী নুরানি হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন চৌধুরী ও সদস্য পদপ্রার্থী ইব্রাহিম মিলাদের সমর্থকেরা অপর চেয়ারম্যান পদপ্রার্থী সাহেদুল বারীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সাহেদুল বারীর সমর্থক মো. ফেরদৌস, আবদুর রহমান, মিজানুর রহমান ও জাকির হোসেনসহ আটজন আহত হন। তাঁদের মধ্যে মো. ফেরদৌসকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত অন্য ব্যক্তিদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বেলা তিনটার দিকে চর আলেকজান্ডার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থী মোসলেহ উদ্দিনের সমর্থকদের হামলায় আবুল কালাম নামের এক ভোটার আহত হন।বড়খেরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদের সমর্থকেরা অপর চেয়ারম্যান পদপ্রার্থী মুনীর চৌধুরীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন। তাঁরা ওই কেন্দ্রে সদস্য পদপ্রার্থী নয়ন চন্দ্র মজুমদারকেও মারধর করেন। পরে তাঁরা কেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারেন বলে অভিযোগ উঠেছে।এ ছাড়া চর পোড়াগাছা, চরবাদাম ইউনিয়নের সব কটি কেন্দ্রে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল-আমিনের দাবি, কোনো কেন্দ্রেই সহিংস ঘটনা ঘটেনি। তবে কেন্দ্রের বাইরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তিনি বলেন, কেন্দ্র দখল এবং প্রার্থী ও এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না।আজ ১২৫ ইউপিতে ভোট: এদিকে আজ ৩১ মার্চ বৃহস্পতিবার বরিশালের সদর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ; পটুয়াখালীর মির্জাগঞ্জ; পিরোজপুরের ভান্ডারিয়া; বরগুনার সদর ও বেতাগী; ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন; ঝালকাঠির সদর; সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ; বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাটে ভোট গ্রহণ করা হবে।নির্বাচন স্থগিত: পিরোজপুরের দুই উপজেলার চারটি ইউনিয়নে এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয় ইউপিতে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।