রামগড়ে আদিবাসীদের সঙ্গে সংঘর্ষ, তিন বাঙালি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন বাঙালি নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন আদিবাসী ও বাঙালি। গতকাল রোববার গুইমারা থানার বড় পিলাক এলাকার শণখোলাপাড়ায় এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই আহত ব্যক্তিদের মানিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বড় পিলাক এলাকার বাসিন্দা আয়ুব আলী (৩৫) ও হাসপাতালে ভর্তির পর নোয়াব আলী (৭৫) মারা যান। সন্ধ্যার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে সুনীল চন্দ্র সরকার নামের আরও একজন বাঙালির লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল মোমিন, কফিল উদ্দিন, ইউসুফ, বদিউজ্জামান ও রশিদুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন তিনজন বাঙালির নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে, অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় বদিউল আলম (৩৮) নামের আরও এক বাঙালি নিহত হয়েছেন এবং দুজন বাঙালি নিখোঁজ রয়েছেন। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, সংঘর্ষের পর জালিয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে এক নারীসহ দুজন আদিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জালিয়াপাড়ায় একটি যাত্রীবাহী বাস থেকে বাঙালিরা ২০ জন আদিবাসীকে নামিয়ে রাখে। তার পর থেকে তারা নিখোঁজ রয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বড় পিলাক এলাকার আবদুল কাশেম নামের এক ব্যক্তি আট-নয়জন শ্রমিক নিয়ে শণখোলাপাড়ার একটি বিরোধপূর্ণ টিলায় মাটি কাটতে যান। সকাল থেকে মাটি কেটে শ্রমিকেরা দুপুরের আহার সেরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় স্থানীয় আদিবাসীরা তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।এ খবর বড় পিলাকের আশপাশে ছড়িয়ে পড়লে বাঙালিরা সংঘবদ্ধ হয়ে আদিবাসীদের ওপর পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বাঙালিদের পক্ষে লোকজন বেশি থাকায় আদিবাসীরা পালিয়ে যায়।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন আদিবাসী প্রথম আলোকে মুঠোফোনে জানান, সংঘর্ষের পর বাঙালিরা এলাকাজুড়ে আদিবাসীদের বাড়িঘরে লুটপাট চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে। তাঁদের দাবি, শণখোলা ও রেয়ো মুরংপাড়ায় আদিবাসীদের কমপক্ষে ৩০টি ঘর পোড়ানো হয়েছে। এ ছাড়া কার্বারিপাড়ায় আদিবাসীদের প্রায় ১০টি বসতঘর ও আটটি দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার জের ধরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিকেলেই চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং ফেনী-রামগড়-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে মানিকছড়ি ও গুইমারা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এর আগে মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকায় বাঙালিরা লাঠিসোঁটা নিয়ে সন্ধ্যা ছয়টার দিকে মিছিল বের করে।সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) জহিরুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক সন্ধ্যায় মানিকছড়ি উপজেলায় অবস্থান করছিলেন। তিনি সে সময় মুঠোফোনে প্রথম আলোকে জানান, পরিস্থিতি শান্ত রাখার জন্য বাঙালি ও আদিবাসীদের সঙ্গে তাঁরা আলোচনা চালাচ্ছেন।