রামগড়ে তিন মামলায় আ.লীগ ও বিএনপির নেতারা আসামি
খাগড়াছড়ির রামগড়ের বড় পিলাকে আদিবাসী-বাঙালি সংঘর্ষ ও তিনজন নিহত হওয়ার ঘটনায় গত সোমবার রাতে গুইমারা ও মানিকছড়ি থানায় তিনটি মামলা করা হয়েছে। মানিকছড়ি থানায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আসামি করা হয়। এসব মামলায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়। এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার কাজ শুরু করেছে কমিটি।রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতির উন্নতি হয়েছে। গুইমারা বাজারে মঙ্গলবার (গতকাল) আদিবাসী ও বাঙালিদের একসঙ্গে দেখা গেছে। তবে প্রত্যন্ত পাড়াগুলোয় এখনো কিছুটা ভয়ভীতি কাজ করছে। আমরা জনপ্রতিনিধিদের নিয়ে ওই সব এলাকা পরিদর্শন করে ভীতি কাটানোর চেষ্টা করছি।’জহিরুল ইসলাম তিনটি মামলা হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, মামলায় কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। জানা গেছে, মানিকছড়ির মহামুনি এলাকার বাসিন্দা কং জং মারমা বাদী হয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে গত সোমবার রাতে একটি মামলা করেন। এ মামলায় মানিকছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ১ নম্বর আসামি করা হয়। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবুল হোসেন, বিএনপির নেতা ও ১ নম্বর মানিকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কাশেম এবং বিএনপির নেতা মো. লুৎফর রহমানসহ ১৬ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।গুইমারা থানায় করা দুটি মামলার বাদী হন থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আফসার। এখানে হত্যার অভিযোগে একটি এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্য মামলাটি করা হয়। এ মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া জানান, ‘দুই দিনের ঘটনায় রামগড় উপজেলায় ১৭টি ও মানিকছড়িতে ১১টি ঘর পুড়ে গেছে; ভাঙচুর করা হয়েছে ৩০টি। তদন্ত কমিটি এখন কাজ করছে। সাক্ষীর সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কমিটির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা আছে।’এদিকে গত রোববার শণখোলাপাড়ায় কিছু আদিবাসী সন্ত্রাসীর আকস্মিক হামলায় নিহত তিন বাঙালির লাশ সোমবার রাতে বড় পিলাকে সমাহিত করা হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রামগড় উপজেলা পরিষদ থেকে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও নগদ ২০০ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে। সিন্দুকছড়ি সেনা জোন থেকেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চাল, ডাল ও নগদ টাকা সহায়তা হিসেবে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে তদন্ত দল: রোববারের হত্যাকাণ্ড, সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা তদন্তে গঠিত কমিটি গতকাল বড় পিলাকের শণখোলাপাড়া ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে। এ সময় তারা নিহতদের স্বজন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়। রামগড় ও মানিকছড়িতে বাঙালি ও আদিবাসীদের মধ্যে উত্তেজনা কমে এলেও ১৪৪ ধারা গতকালও বলবৎ ছিল। হাসপাতালে কাতরাচ্ছেন জ্যোতি চাকমা: রোববার বড় পিলাকে তিন বাঙালি নিহত হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে কিছু আদিবাসী ও বাঙালি ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারপিট করে। খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জ্যোতি চাকমাও মারধরের শিকার হন। তিনি চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর দুই হাত ভেঙে গেছে। জ্যোতি চাকমা সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সোমবার বেলা সোয়া দুইটার দিকে তিনি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। তিন বাঙালির মৃত্যু ও বিভিন্ন স্থানে ভাঙচুরের খবর শোনার পর বাসে থাকা তাঁরা ছয়জন আদিবাসী আতঙ্কিত হয়ে পড়েন। জ্যোতি অভিযোগ করেন, বিকেল চারটার দিকে তাঁদের গাড়ি রামগড়ের জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাস থেকে তাঁকেসহ ছয় আদিবাসীকে নামিয়ে পেটাতে থাকে বিক্ষুব্ধ কিছু বাঙালি। অথচ এ সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল।জ্যোতি বলেন, ‘বাসের অন্য বাঙালি যাত্রীরা আমাদের রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রচণ্ড মারধরের একপর্যায়ে কয়েকজন বাঙালি আমাকে উদ্ধার করে গুইমারা থানায় নিয়ে যায়। এরপর রাত সোয়া নয়টার দিকে পরিবারের উদ্যোগে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে আমাকে চট্টগ্রামে আনা হয়।’ জ্যোতির স্ত্রী জয়া চাকমা বলেন, ‘বড় পিলাকে বাঙালিদের হত্যা করা হয়েছে। তারপর চারদিকে মারধর, ভাঙচুর কেন হলো? সব আদিবাসী তো ওই ঘটনায় জড়িত ছিল না। আবার সব বাঙালিও ভাঙচুরে জড়িত নয়।’