রামগড়ে বিডিআরের ৮ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় খাগড়াছড়ির রামগড়ে বিডিআরের আট সদস্যকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রামগড়ে ১১ রাইফেল ব্যাটালিয়নের নায়েক আবদুর ছাত্তার, সিপাহি মোতালেব, আবদুল গফুর, মো. আহছান, আলমগীর হোসেন, ছিদ্দিকুর রহমান, সেকুল হোসেন ও রফিকুল ইসলাম।রামগড় থানার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, গত সোমবার দুপুর ১২টায় ১১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোবাশ্বের হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম শাহনেওয়াজ ও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে বিডিআরের আট সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরেই ঢাকা পাঠিয়েছে।গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় বিডিআরে বিদ্রোহের সময় ওই আট জওয়ান বিডিআর সপ্তাহ উপলক্ষে পিলখানায় ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিডিআরের এই আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর আগে রামগড়ে বিদ্রোহের ঘটনায় ১১ রাইফেল ব্যাটালিয়নের ৫৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিচারের কাজ চলছে।