বিডিআর বিদ্রোহের ঘটনায় খাগড়াছড়ির রামগড়-১১ রাইফেল ব্যাটালিয়নের ৬০ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ে আসামিদের মধ্যে ১১ জনকে সর্বোচ্চ সাত বছর করে সাজা দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ির সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আদালতে সভাপতিত্ব করেন সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক।সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে দুজনকে পাঁচ বছর করে, দুজনকে সাড়ে চার বছর করে, ছয়জনকে চার বছর করে, আটজনকে সাড়ে তিন বছর করে, নয়জনকে তিন বছর করে, একজনকে আড়াই বছর, চারজনকে দুই বছর করে, দুজনকে দেড় বছর করে, দুজনকে এক বছর করে , আটজনকে ছয় মাস করে এবং পাঁচজনকে চার মাস করে সাজা দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।আজ সকাল ১০টায় আদালতের বিচারকাজ শুরু হয়। আদালত ১০টা ৪৫ মিনিটে রায় ঘোষণা করেন।মামলার দশম কার্যদিবসে আজ এ রায় ঘোষণা করা হলো। গত বছরের ২৪ অক্টোবর বিচারকাজ শুরু হয়। এ মামলায় ৪২ জনের সাক্ষ্য নেওয়া হয়।