প্রশাসনের বাধা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গিয়ে খাগড়াছড়ির বড় পিলাক এলাকায় দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন বাঙালি শ্রমিকেরা। বিরোধপূর্ণ জমিতে কোনো পক্ষকে না যেতে সেনাবাহিনীর পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল। সংঘর্ষের পর গতকাল সোমবার রামগড় এলাকা ছিল থমথমে। রাস্তাঘাটে তেমন লোকজন দেখা যায়নি।গত রোববার রামগড়ে দুর্বৃত্তদের হামলায় তিনজন নিহত হন। এ ঘটনার জের ধরে আদিবাসী-বাঙালি সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় দুই পক্ষের অন্তত ৫০টি বাড়িঘর ও দোকান। এ ঘটনায় গতকাল সোমবার বিক্ষুব্ধ হয়ে ওঠে রামগড় ও মানিকছড়ি উপজেলার বাঙালিরা। তাদের শান্ত করতে গিয়ে তোপের মুখে পড়েন স্থানীয় সাংসদ ও সেনা কর্মকর্তারা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন রোববার ১৪৪ ধারা জারি করে। ফলে গতকাল খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম ও ফেনীর সড়ক যোগাযোগ কার্যত বন্ধ ছিল। রাস্তাঘাটে লোকজনও কম দেখা যায়। পরিস্থিতি শান্ত রাখতে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে প্রশাসন কয়েক দফা বৈঠক করেছে। পাশাপাশি সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বড় পিলাক ও জালিয়াপাড়া এলাকায় বাঙালিরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। বড় পিলাক এলাকায় আদিবাসী মিলটন চাকমার দোকান ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে বিক্ষুব্ধ লোকজনের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন সেনা ও পুলিশ কর্মকর্তারা বড় পিলাক জুনিয়র স্কুলমাঠে স্থানীয় অধিবাসীদের ডাকেন। এ সময় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা তাঁদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। তিনি নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন এ ঘটনার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধ বাঙালিরা বলে, ‘পাহাড়িরা এত অস্ত্র পেল কোথায়? আমাদের বিরুদ্ধে এখন মামলার হুমকি দেওয়া হচ্ছে।’স্কুলমাঠে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল চাকমা, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাব উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী উপস্থিত ছিলেন। জিওসি ও পুলিশ কর্মকর্তারা তাঁদের শান্ত থাকার পরামর্শ দিয়ে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন।এর আগে সাংসদ সেনা ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে বড় পিলাকে আগুনে পুড়ে যাওয়া আদিবাসী ও বাঙালিপাড়া পরিদর্শন করেন। তাঁরা রোববারের ঘটনাস্থল বড় পিলাকের শণখোলাপাড়ার পাহাড়ি জমি পরিদর্শন করেন। বড় পিলাকের পর সাংসদসহ অন্যরা জালিয়াপাড়ায় বাঙালিদের সঙ্গে ও মানিকছড়িতে আদিবাসীদের সঙ্গে বৈঠক করেন।তদন্ত কমিটি: আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত কমিটিতে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ। কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে। ঘটনার নেপথ্যে: পুলিশ ও সেনাসদস্যরা জানান, বড় পিলাক শণখোলাপাড়ায় জমি নিয়ে আগে থেকেই আদিবাসী ও বাঙালিদের মধ্যে বিরোধ ছিল। গতকাল বড় পিলাক জুনিয়র স্কুলমাঠে জিওসি আসহাবও একই কথা বলেন। তিনি বাঙালিদের উদ্দেশে বলেন, ‘ওই বিরোধপূর্ণ জমিতে আপাতত আপনাদের না যেতে বলেছিলাম। আপনারা আমাদের না জানিয়ে সেখানে গেছেন। ফলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলো।’জানা গেছে, তিন দিন আগে স্থানীয় সেনা জোন কমান্ডারের সঙ্গে এক বৈঠকে কোনো পক্ষকে ওই বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এখানে অন্তত ১০ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদিবাসী ও বাঙালিদের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয় জয়নাল পিসি এই জমি তাঁর দাবি করছিলেন। জয়নালের জমিতে কাজ করতে রোববার শ্রমিকেরা সেখানে গেলে বেলা আড়াইটার দিকে আদিবাসীরা হামলা চালায়। ডিআইজি মো. নওশের আলী বলেন, ‘জমিটি বিরোধপূর্ণ ছিল। সেনাবাহিনী আপাতত উভয় পক্ষকে ওই জমিতে যেতে বারণ করেছিল। তবে হামলা করাটা ন্যক্কারজনক হয়েছে। যারা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার পেছনে ষড়যন্ত্র ও কারও ইন্ধন ছিল বলে মনে হচ্ছে।’আহাজারি: শণখোলাপাড়ায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সেখানে এখনো ছোপ ছোপ রক্ত আছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নিহত সুনীল সরকারের বাড়ি। মা দ্রৌপদী সরকার ছেলের শোকে মূর্ছা যান। স্ত্রী সীমা সরকার একমাত্র ছেলে অজয়কে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার স্বামী কোনো দোষ করেনি। কেন আমাকে বিধবা হতে হলো।’এদিকে পাহাড়ি ছাত্র পরিষদ এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেছে। সংগঠনের প্রচার সম্পাদক ক্যচিং মারমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নিরীহ বাঙালি হত্যার সঙ্গে ইউপিডিএফ জড়িত। এর মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে। আইএসপিআরের বক্তব্য: খাগড়াছড়ির শণখোলাপাড়ায় সহিংস ঘটনার পরপরই খাগড়াছড়ি পুলিশ টহলের পাশাপাশি গোলযোগপূর্ণ এলাকায় ১৭টি টহল দল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওই এলাকায় যাতে অস্থিরতা ছড়িয়ে না পড়ে, সে জন্য ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন এলাকায় যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।গতকাল স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানান। এ সময় জিওসি নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে নগদ ২৫ হাজার টাকা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। ২৪ পদাতিক ডিভিশন সদর দপ্তর, প্রতিটি রিজিওন ও জোন কর্তৃপক্ষ স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছে। বিভিন্ন সংগঠনের উদ্বেগ: খাগড়াছড়িতে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পার্বত্যচুক্তি দ্রুত বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুম্মদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ছয়টি দাবি জানিয়েছে।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন শ্যামল রুদ্র (রামগড়) ও এস এম জাহাঙ্গীর আলম (মানিকছড়ি)]