রামচন্দ্রপুর খাল উদ্ধার না করেই ফিরল ওয়াসা
এ মাসের মধ্যে ঢাকার ছয়টি খাল উদ্ধারের কথা থাকলেও গতকাল সোমবার মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি ওয়াসা। কর্মকর্তাদের দাবি, মুক্তিযোদ্ধাদের একটি সংগঠনের আপত্তির কারণে তাঁরা অভিযান স্থগিত করেছেন। ওই সংগঠনের পক্ষে বলা হয়েছে, সরকার পুনর্বাসন না করা পর্যন্ত তারা জায়গা ছাড়বে না।গাবতলী থেকে মোহাম্মদপুরের শিয়া মসজিদের পশ্চিম প্রান্ত পর্যন্ত দীর্ঘ রামচন্দ্রপুর খালটি গতকাল দখলমুক্ত করার কথা ছিল। এ জন্য ঢাকা জেলা প্রশাসন ও ওয়াসা যৌথ অভিযান শুরু করে। এ মাসের মধ্যে ঢাকা ও আশপাশের ছয়টি খাল উচ্ছেদের জন্য ওয়াসা ও জেলা প্রশাসনকে নির্দেশ দেয় নদ-নদীর নাব্যতা রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স। গত ২৯ সেপ্টেম্বর টাস্কফোর্সের বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। যেসব খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো হলো কাঁটাসুর, কল্যাণপুর ক, কল্যাণপুর গ, শ্যামপুর, রামচন্দ্রপুর ও হাজারীবাগ।গতকাল সকাল ১০টার দিকে ওয়াসার কর্মকর্তা ও কর্মীরা র্যাব-পুলিশসহ মোহাম্মদপুর শিয়া মসজিদের পশ্চিম পাশে যান। এ সময় মোহাম্মদিয়া মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির নামে ব্যানার ও প্লাকার্ড নিয়ে কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে উচ্ছেদের প্রতিবাদ জানায়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেয়। বালক, তরুণ-যুবকদের ব্যানার বহন করতে দেখা যায়। পরে তারা মুক্তিযোদ্ধা সমিতির প্যাডে লিখিত আবেদনে উচ্ছেদের জন্য ১৫ দিনের সময় চায়। এরপর ওয়াসার কর্মকর্তারা উদ্ধার না করেই ফিরে আসেন।অভিযান স্থগিত করা প্রসঙ্গে ওয়াসার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, মুক্তিযোদ্ধারা পুনর্বাসনের জন্য সময় চেয়েছেন। তাই ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে অভিযান স্থগিত করা হয়েছে।ওয়াসার উপপ্রধান তথ্য কর্মকর্তা জাকারিয়া আল মাহমুদ জানান, মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের কিছু দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ৪, ৫ ও ৬ অক্টোবর কাঁটাসুর খালের দুই পাড়ের ৪২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াসা।ওয়াসার কর্মকর্তারা জানান, রামচন্দ্রপুর খালটি গাবতলী থেকে মোহাম্মদপুরে শিয়া মসজিদ পর্যন্ত দীর্ঘ। প্রায় তিন কিলোমিটার খালটির পাড়ে অবৈধভাবে গড়ে উঠেছে রাজনৈতিক দলের কার্যালয়, দোকানসহ অর্ধশতাধিক পাকা ও আধপাকা বাড়ি এবং দুই শতাধিক বস্তিঘর।মোহাম্মদিয়া মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির সভাপতি হিসেবে পরিচয়দানকারী মিজানুর রহমান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা উচ্ছেদের বিপক্ষে না, আমরা উচ্ছেদে সাহায্য করতে চাই। তবে আগে আমাদের পুনর্বাসন করতে হবে।’স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খালের ওপরের টংঘর ও দোকানগুলো স্থানীয় সরকারদলীয় নেতারা নিয়ন্ত্রণ করছেন। মুক্তিযোদ্ধাদের নামে যেসব ঘর রয়েছে, সেসবের অনেকগুলোতেই তাঁরা থাকেন না, ভাড়া দেন।