রামচন্দ্রপুর খালে অভিযান, ৬৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামচন্দ্রপুর খালে অভিযান চালিয়ে ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা ওয়াসা। গতকাল শনিবার সকাল ১০টায় শুরু করে বিকেল চারটা পর্যন্ত চলে এই অভিযান। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার শেষ প্রান্তের ঢাল থেকে বেড়িবাঁধের পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান চালানো হয়।গতকাল সকালে অভিযান শুরুর পর শত শত লোক সেখানে ভিড় জমায়। অভিযানে প্রায় ১০০ পুলিশ এবং শ্রমিক অংশ নেন। ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন প্রথম আলোকে বলেন, রামচন্দ্রপুর খালের তিন কিলোমিটার এলাকায় প্রায় ৩৫০টি অবৈধ স্থাপনা রয়েছে। এর মধ্যে গতকাল খালের প্রায় ৭০০ মিটার অংশ থেকে ১৫টি পাকা ও আধাপাকা স্থাপনা এবং ৫০টি টিনশেড, টংঘর ও সীমানাপ্রাচীর ভাঙা হয়। একটি দোতলা বাড়ির অর্ধেক অংশ পড়েছে খালের মধ্যে। সেটির অংশবিশেষ এবং অপর একটি দোতলা বাড়ির বারান্দা ভাঙা হয়। আজ রোববার বাকি অংশ ভাঙা হবে বলে ওয়াসা সূত্র জানায়। কিছু টিনশেড ঘরে ভাড়া থাকেন পোশাকশ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ। তাঁদের ঘরগুলো উচ্ছেদের সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। তবে তাঁদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়।এলাকাবাসী জানান, এর আগেও রামচন্দ্রপুর খালে কয়েক দফা অভিযান চালানো হয়। কিন্তু খাল দখলমুক্ত করার পর উপযুক্ত তদারকি ও পাহারার অভাবে আবার দখল হয়ে যায়। গতকাল কয়েকটি বাড়ির মালিকপক্ষের লোকজন প্রথমে উচ্ছেদ না করার অনুরোধ জানালেও অভিযান পরিচালনাকারীদের তৎপরতার মুখে পরে তাঁরা সরে যান। গতকালের অভিযান পরিচালনায় ওয়াসার অপর ম্যাজিস্ট্রেট নাসিরউদ্দিন, নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।