রামদেবের অনশন পণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নোটিশ
ভারতের সুপ্রিম কোর্ট যোগগুরু স্বামী রামদেব ও তাঁর অনুসারীদের দিল্লির রামলীলা ময়দান থেকে জোর করে উচ্ছেদের ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ-সংক্রান্ত নোটিশ জারি করেছেন।বিচারপতি বি এস চৌহান ও স্বতেনতর কুমারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ এই নোটিশ জারি করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, দিল্লির মুখ্য সচিব, দিল্লির প্রশাসন ও দিল্লির পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।নোটিশে কোন পরিস্থিতিতে মধ্যরাতে বলপ্রয়োগ করে অনশনরত লোকজনকে তাড়িয়ে দেওয়া হয় তার কারণ জানতে চেয়েছেন আদালত। সুপ্রিম কোর্ট জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বিষয়টি শুনানির সময় ধার্য করেছেন।তবে আদালত আইনজীবী অজয় আগরওয়ালের এ-সংক্রান্ত একটি রিট আবেদন বিবেচনায় নিতে অস্বীকৃতি জানান। এদিকে যোগগুরু রামদেব উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারের নিজ আস্তানায় অনশন অব্যাহত রেখেছেন। তিনি বলেছেন, দুর্নীতিগ্রস্ত ও কালো টাকার মালিকদের মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তি দেওয়ার দাবি কেন্দ্রীয় সরকার না মানলে তাঁর সত্যাগ্রহ অব্যাহত থাকবে।উল্লেখ্য, দিল্লির পুলিশ গত শনিবার দিবাগত রাতে রামলীলা ময়দানে অনশনরত রামদেব ও তাঁর অনুসারীদের ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করে দেয়। পরে পুলিশ বিশেষ বিমানে করে রামদেবকে হরিদ্বারে পাঠিয়ে দেয়।