রামপুরা-মালিবাগে ভাঙচুর, পোশাক কারখানা বন্ধ
শ্রমিকদের আন্দোলনের মুখে রাজধানীর রামপুরা, হাজিপাড়া, মালিবাগ চৌধুরীপাড়া, রেলক্রসিং ও আশপাশের এলাকার প্রায় সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ওই এলাকায় ক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানা ও ভবনে ভাঙচুর চালান।প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারে ভবনধসের ঘটনায় ঘোষিত শোক উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন পোশাক কারখানা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি পোশাক কারখানা, সড়কের পাশে অবস্থিত ভবন ও যানবাহনে ভাঙচুর চালান।পরে শ্রমিকদের আন্দোলনের মুখে রামপুরা, হাজিপাড়া, মালিবাগ চৌধুরীপাড়া, রেলক্রসিং ও আশপাশের এলাকার প্রায় সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত মেলোডি গ্রুপের মহাব্যবস্থাপক এস এম আবু বকর সিদ্দিকী প্রথম আলো ডটকমকে বলেন, শ্রমিকেরা কারখানা বন্ধের দাবিতে ভাঙচুর চালান। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলে তিনি তাঁর কারখানা বন্ধ করে দেন। অন্য মালিকেরাও তাঁদের কারখানা বন্ধ করেন। তিনি বলেন, এ ব্যাপারে বিজিএমইএর পক্ষ থেকে আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। গতকাল বুধবার সাভারের রানা প্লাজা ধসে পড়ে। রানা প্লাজার তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত ছিল পোশাক কারখানা। নিচের দুটি তলায় ছিল বিপণিকেন্দ্র ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। এতে আজ বেলা দেড়টা পর্যন্ত দেড় শতাধিক মানুষের লাশ উদ্ধার করা হয়। বিধ্বস্ত ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ চলছে।