রামপুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গত শুক্রবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, নিহত যুবক শ্যামল ও আহত আসিফ অনীক ছিনতাইকারী। তবে হতাহতদের পরিবার পুলিশের বক্তব্য অস্বীকার করে বলেছে, তারা ছিনতাইকারী নয়। পুলিশ ধরে নিয়ে তাদের গুলি করেছে।গতকাল শনিবার মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে রামপুরার উলন সড়কে এক নারীর কাছ থেকে তিন ছিনতাইকারী নগদ টাকা, মোবাইল ফোনসেট ও এক ভরি স্বর্ণালংকার ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তাঁর চিৎকার শুনে জনতা এগিয়ে গিয়ে হাসান (২২) নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে তাঁকে রামপুরা থানা পুলিশে সোপর্দ করা হয়। হাসানের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পরে শ্যামল (২৫) ও অনীককে (২০) গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পুলিশ শুক্রবার রাত পৌনে দুইটার দিয়ে শ্যামল ও অনীককে সঙ্গে নিয়ে অভিযান চালায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ রামপুরার বনশ্রীর মহানগর প্রকল্পের বালুর মাঠসংলগ্ন স্থানে পৌঁছালে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের সহযোগীরা তাঁদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ছিনতাইকারী শ্যামল ও অনীক বাঁ পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় শ্যামল ও অনীককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শ্যামল মারা যান। নিহত শ্যামলের বিরুদ্ধে খিলগাঁও ও তেজগাঁও থানায় দুটি মামলা রয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন অনীক প্রথম আলোকে বলেন, শুক্রবার পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ির সামনে সাদা পোশাকধারী লোক নিজেদের পুলিশের সোর্স পরিচয় দিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে ওঠায়। এরপর তাঁকে মারধর করতে থাকে। তারা কালো কাপড় দিয়ে তাঁর চোখ বেঁধে সারা দিন এদিক-সেদিক ঘুরিয়ে সন্ধ্যার দিকে রামপুরা থানায় নিয়ে যায়। এরপর পুলিশ তাঁকে রাত দুইটার দিকে বনশ্রীর বালুর মাঠে নিয়ে যায়। ওই সময় পুলিশ প্রথমে একটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর পুলিশ বন্দুক ঠেকিয়ে শ্যামল ও তাঁর পায়ে গুলি করে। শ্যামলকে তিনি চেনেন না বলেও জানান।অনীকের বাবা মো. রফিক জানান, তিন বছর আগে তাঁর ছেলের বিরুদ্ধে রামপুরা থানায় একটি ডাকাতি মামলা থাকলেও ওই মামলায় সে খালাস পেয়েছে। এ ছাড়া তার ছেলের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। তিনি দাবি করেন, তাঁর ছেলেকে ধরে নিয়ে গুলি করা হয়েছে।নিহত শ্যামলের ভাই খায়রুল ব্যাপারি প্রথম আলোকে বলেন, চার বছর আগে শ্যামল এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও পরিবার ও আত্মীয়স্বজনের চাপে সে ওই পথ থেকে ফিরে আসে। আগে তার নামে কয়েকটি মামলা থাকলেও এখন আর নেই বলে তিনি দাবি করেন।খায়রুল ব্যাপারি আরও বলেন, শ্যামল সাভারে জুতার দোকানে কাজ করত। শুক্রবার সাভার থেকে সে তার রামপুরার বাসায় যায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ তাঁর ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। থানায় খোঁজ নিতে গেলে পুলিশ জানায়, শ্যামলকে নিয়ে পুলিশ অভিযানে বের হয়েছে। গতকাল সকালেই তাঁর ভাইয়ের মৃত্যুর সংবাদ পান তিনি।শ্যামলের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে। তাঁর বাবার নাম আবদুল হামিদ। তিনি পূর্ব রায়পুরার ভূঁইয়া পাড়ায় থাকতেন।রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী প্রথম আলোকে বলেন, রামপুরা থানায় অনীকের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বেশ কয়েকটি মামলা আছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, শ্যামলের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তা ছাড়া বাজিতপুর থানায়ও তাঁর বিরুদ্ধে করা কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। যোগাযোগ করা হলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, শ্যামলের বিরুদ্ধে থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আসাদুজ্জামান জানান, অনীকের পায়ের অবস্থা গুরুতর। তাই তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।