রাজধানীর রামপুরার এক বাসা থেকে গতকাল রোবেনা সুলতানা (২০) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোবেনা মহাখালীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় ওই বাসার বাসিন্দা অম্লান সাহাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। অম্লান একই বিশ্ববিদ্যালয়ের বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র। এক বন্ধুসহ ওই বাসায় থাকেন তিনি। ঘটনার পর অম্লানের বিরুদ্ধে রামপুরা থানায় সম্ভ্রমহানি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছেন রোবেনার বাবা ফজলুল করিম। মামলার এজাহারে বলা হয়েছে, সুসম্পর্ক গড়ে তুলে প্ররোচিত করে রোবেনাকে বাসায় নিয়ে যায় অম্লান। অম্লান বিয়েতে রাজি না হওয়ায় রোবেনা আত্মহত্যা করেছে। মুঠোফোনে প্রথম আলোকে ফজলুল করিম বলেন, এটি হত্যাও হতে পারে। রোবেনার সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করে অম্লান সাংবাদিকদের বলেন, গত শুক্রবার বিকেলে নিজ ইচ্ছায় রোবেনা তাঁর বাসায় যান। তাঁকে বাসায় ফিরে যেতে বারবার বলা হলেও তিনি যাননি। এ নিয়ে গত মঙ্গলবার সারা দিনই তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে রোবেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে অম্লান দরজা ভেঙে লাশ নামিয়ে রোবেনার পরিবারকে খবর দেন। রামপুরা থানার এসআই বলেন, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রোবেনার লাশ উদ্ধার করা হয়। লাশটি মেঝেতে বিছানায় চাদর দিয়ে ঢাকা ছিল। লাশের গলায় দাগ রয়েছে। গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ধরণ সম্পর্কে জানা যাবে।রোবেনার বাবা ফজলুল করিম বলেন, গত শুক্রবার বিকেলে বনশ্রীতে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে আদাবরের বাসা থেকে বের হয় রোবেনা। সেখানে কয়েক দিন থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল তার।